বেলজিয়াম

বেলজিয়াম

গ্রুপ জি

রাঙ্কিং: ৯

অংশগ্রহণ: ১৩

দলের পরিচিতি

বিশ্বকাপ ২০২৬ দল পরিচিতি: বেলজিয়াম

বিশ্বকাপের ১৫তম আসরে খেলতে যাচ্ছে বেলজিয়াম। টানা চতুর্থবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নেওয়া দলটি এবারও শিরোপার স্বপ্ন দেখছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন ছিল তাদের ইতিহাসের সেরা সাফল্য। সেই অর্জনের পুনরাবৃত্তি কিংবা আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়েই ২০২৬ বিশ্বকাপে নামবে ইউরোপের দলটি।

কোচ: রুডি গার্সিয়া

২০২৫ সালের জানুয়ারিতে দোমেনিকো তেদেস্কোর স্থলাভিষিক্ত হয়ে বেলজিয়ামের দায়িত্ব নেন ফরাসি কোচ রুডি গার্সিয়া। জাতীয় দলের কোচ হিসেবে এটি তার প্রথম অভিজ্ঞতা হলেও ক্লাব ফুটবলে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। লিলকে ২০১০-১১ মৌসুমে লিগ ও কাপ ডাবল জেতানোর পাশাপাশি তিনি রোমা, মার্সেই, লিঁও এবং নাপোলির মতো ক্লাবও কোচিং করিয়েছেন।

দায়িত্ব নেওয়ার পরপরই উয়েফা নেশনস লিগ প্লে-অফে ইউক্রেনের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হন গার্সিয়া। প্রথম লেগে ৩-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয় তুলে নিয়ে দলকে লিগ ‘এ’-তে ধরে রাখেন তিনি। পরে বিশ্বকাপ বাছাইপর্বে সফলভাবে দলকে বিশ্বকাপে পৌঁছে দেন।

যেভাবে বিশ্বকাপে জায়গা পেল

উয়েফা অঞ্চলের বাছাইপর্বের ‘জে’ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বেলজিয়াম। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্র নিয়ে তারা অপরাজিত ছিল। শেষ ম্যাচে লিচেনস্টাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে রেড ডেভিলসরা।

বিশ্বকাপে বেলজিয়াম
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (উরুগুয়ে)
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৫ বার
সেরা সাফল্য: তৃতীয় স্থান (২০১৮)
সর্বশেষ বিশ্বকাপ: কাতার ২০২২ (গ্রুপ পর্ব)
টানা বিশ্বকাপ খেলার রেকর্ড: ৪ বার

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলে ২১ জয়, ১০ ড্র ও ২০ হার বেলজিয়ামের। দলটি গোল করেছে ৬৯টি, হজম করেছে ৭৪টি।

কাতার বিশ্বকাপের হতাশা

২০১৮ সালে সেমিফাইনাল খেলা বেলজিয়াম কাতার বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। গ্রুপ পর্বে কানাডাকে হারালেও মরক্কোর কাছে হারে এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে বিদায় নিতে হয়। সেই ব্যর্থতার মাধ্যমে শেষ হয়ে যায় বেলজিয়ামের বিখ্যাত ‘গোল্ডেন জেনারেশন’-এর যুগ।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা

বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন দুই ফুটবলার—মার্ক ভিলমটস ও রোমেলু লুকাকু। দুজনেরই গোল সংখ্যা পাঁচ। লুকাকু এখনও খেলছেন এবং ২০২৬ বিশ্বকাপে এই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ

বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এনজো শিফোর। ১৯৮৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে চারটি বিশ্বকাপে তিনি ১৭টি ম্যাচ খেলেছেন। দেশটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে।

স্মরণীয় মুহূর্ত

১৯৮৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে চতুর্থ স্থান অর্জন করেছিল বেলজিয়াম। তবে তাদের সেরা সাফল্য আসে ২০১৮ সালে। রাশিয়া বিশ্বকাপে জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়ের অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর স্মৃতি এখনও বেলজিয়ান সমর্থকদের গর্বের জায়গা।

শেষ পর্যন্ত সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের সেরা ফল অর্জন করে রেড ডেভিলসরা।

বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের সূচি

১৫ জুন: বেলজিয়াম বনাম মিসর
২১ জুন: বেলজিয়াম বনাম ইরান
২৬ জুন: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম

বিশ্বকাপে বেলজিয়ামের সবচেয়ে বড় জয়
৩-০ বনাম এল সালভাদর (১৯৭০)
৩-০ বনাম পানামা (২০১৮)
৫-২ বনাম তিউনিসিয়া (২০১৮)

বিশ্বকাপের মঞ্চে দীর্ঘদিন ধরেই ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত বেলজিয়াম। নতুন কোচ রুডি গার্সিয়ার অধীনে এবার তারা ২০১৮ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারে কি না, সেটিই দেখার বিষয়।