মেসির বিদায়ের পরও স্কালোনির হাতেই আর্জেন্টিনা, হয়েছে চুক্তি নবায়নের আলোচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের পরও স্কালোনির হাতেই আর্জেন্টিনা, হয়েছে চুক্তি নবায়নের আলোচনা

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির বৈঠক। ছবি- সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধ্যায়েও লিওনেল স্কালোনিকেই কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে এ নিয়ে স্কালোনির বৈঠকও হয়েছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্কালোনি ও তাপিয়ার একটি ছবি প্রকাশ করে এএফএ। এর মাধ্যমে চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনার বিষয়টি সামনে আসে। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই। তবে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী নতুন চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। তাপিয়ার সঙ্গে আলোচনায় বসতে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

‘এখানে থাকার ইচ্ছা আমার আছে, তবে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আলোচনার জন্য আমার পুরোপুরি আগ্রহ আছে।’

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ হতে পারে দুই বছর। অর্থাৎ ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত স্কালোনির দায়িত্বে থাকার সুযোগ থাকছে। পাশাপাশি আরও দুই বছর চুক্তি বাড়ানোর একটি বিকল্প রাখা হতে পারে, যা কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার পথ তৈরি হবে। তবে এই কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।

চুক্তি নিয়ে আলোচনা চললেও মাঠের কাজে অবশ্য বিরতি নেই স্কালোনির। সামনে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচে তিনিই ডাগআউটে থাকবেন। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ ম্যাচটি হবে মেসির জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ।

এরই মধ্যে দলেও পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। নতুন দলে ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভালেন্তিন গোমেস ও একি ফার্নান্দেসের মতো তরুণদের রাখা হয়েছে। প্রথমবার জাতীয় দলের তালিকায় জায়গা পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা।

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে দলের খেলোয়াড়দের মধ্যেও আশাবাদ রয়েছে। এনসো ফার্নান্দেজ বলেছেন, ‘আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। তিনি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তিনিই দলটাকে গড়ে তোলেন।’

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর স্কালোনির অধীনে দলটি জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। এখন মেসি ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের বিদায়ের পর নতুন প্রজন্মকে সামনে রেখে দল পুনর্গঠনের বড় দায়িত্বও তার সামনে। এ কারণেই তার চুক্তি নবায়নের আলোচনা আর্জেন্টিনার ফুটবলে এখন অন্যতম আলোচিত বিষয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন