মত বদলে মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মত বদলে মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ইয়ামাল

মেসির নবম ব্যালন ডি’অরের সম্ভাবনা নিয়ে ইয়ামালের নতুন মন্তব্য। ছবি- সংগৃহীত

ব্যালন ডি’অরের দৌড়ে লিওনেল মেসির সম্ভাবনাকে এবার আর উড়িয়ে দিচ্ছেন না লামিন ইয়ামাল। বরং নিজের আগের মন্তব্য থেকে সরে এসে বার্সেলোনার তরুণ তারকা স্বীকার করেছেন, রেকর্ড নবমবারের মতো এই পুরস্কার জেতার জন্য মেসির দাবিকে ‘অযৌক্তিক’ বলার সুযোগ নেই।

এবারের ব্যালন ডি’অরের লড়াই এমনিতেই বেশ জমে উঠেছে। পুরস্কারের জন্য মনোনীত ৩০ ফুটবলারকে ঘিরে চলছে নানা আলোচনা। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ইয়ামাল থেকে শুরু করে লিওনেল মেসি, সবাইকে ঘিরেই তৈরি হয়েছে আলাদা হিসাব-নিকাশ। ২০২৬ বিশ্বকাপের ফলও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

কয়েক দিন আগেই অবশ্য ইয়ামালের বক্তব্য ছিল ভিন্ন। সম্ভাব্য বিজয়ীদের মধ্যে লড়াইটা মূলত তার ও এমবাপ্পের এমনটাই জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘এমবাপ্পে এবং আমি বিশ্বের সেরা দুজন। আমার কাছে এটা একদম পরিষ্কার, আর যারা খেলা দেখেন তারাও তা জানেন।’

সেই মন্তব্যে স্বাভাবিকভাবেই মেসি, রদ্রি কিংবা পিএসজির খভিচা কভারাতসখেলিয়ার মতো অন্য মনোনীতদের সম্ভাবনা অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। তবে পরে লেকিপেকে দেয়া সাক্ষাৎকারে ইয়ামালের বক্তব্যে এসেছে ভিন্ন সুর।

মনোনীত অন্য ২৯ জন খেলোয়াড় প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘তারা সবাই অসাধারণ খেলোয়াড়। এরা যে দৌড়ে আছে তাতে আমি অবাক হওয়ার কিছু দেখি না, সবারই নিজস্ব যুক্তি ও দাবি আছে। উদাহরণস্বরূপ, দুর্দান্ত এক বিশ্বকাপ কাটানোর কারণে মেসির নাম আসছে, আর অন্যদেরও ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে।’

এরপর নিজের অবস্থান আরও স্পষ্ট করে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বলেন, ‘আমাদের সবার মতামতকে সম্মান জানাতে হবে। কেউ যদি বলে মেসি এটার যোগ্য’ বা ‘রদ্রি এটার যোগ্য তবে তা পুরোপুরি সম্মানজনক। তারা তো আর অবান্তর বা ফালতু কথা বলছে না, তাই না?’

এবারের ব্যালন ডি’অর বিবেচনায় ব্যক্তিগত পারফরম্যান্স, ম্যাচে প্রভাব, দলীয় সাফল্য ও ট্রফি এবং খেলোয়াড়ের আচরণ ও ফেয়ার প্লে এসব বিষয় গুরুত্ব পাচ্ছে। বিশ্বকাপের বছর হওয়ায় টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সও ভোটারদের বিবেচনায় বড় প্রভাব ফেলতে পারে।

৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। টুর্নামেন্টে তার গোলসংখ্যা ৮, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে তার প্রার্থিতার পক্ষে যুক্তি রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমও তাকে নবম ব্যালন ডি’অরের স্বাভাবিক দাবিদার হিসেবে উল্লেখ করেছে।

এর আগে ২০২৩ সালের ব্যালন ডি’অরেও বিশ্বকাপের প্রভাব দেখা গিয়েছিল। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতে আর্লিং হলান্ড দুর্দান্ত মৌসুম কাটালেও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ের সুবাদে পুরস্কারটি উঠেছিল মেসির হাতে।

এবার অবশ্য লড়াই আরও উন্মুক্ত। তবে মেসির নবম ব্যালন ডি’অরের সম্ভাবনা নিয়ে ইয়ামালের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেষ হাসি কে হাসবেন, সেটির উত্তর মিলবে ২৬ অক্টোবরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন