হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ব্যালন ডি’অরে মেসির পক্ষে অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি বেকহ্যাম। ছবি- সংগৃহীত

ক্যাম্পেওনেস কাপ জয়ে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অর বিতর্কেও মেসির পক্ষে অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তার দাবি, পুরস্কারটি মেসিরই পাওয়া উচিত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। জয়ের দুই গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। প্রথমটি করেছেন নিজেই, পরেরটি তার পাস থেকে হেডে করেছেন কাসেমিরো।

এই ম্যাচের ফল সরাসরি ব্যালন ডি’অর দৌড়ে কোনো প্রভাব ফেলছে না। তবে মেসির পারফরম্যান্সকে সামনে রেখে তার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বেকহ্যাম। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল টিভিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক ইংলিশ তারকা বলেছেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন ‘আজ রাতে ওর (মেসি) পারফরম্যান্স বা বিশ্বকাপে যেভাবে ও খেলেছে, তা দেখার পর এটুকু বলা যায়—পুনরায় ব্যালন ডি'অরের আলোচনায় থাকাটা কোনো ভাগ্যের বিষয় নয়। ও টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং বিগত বছরটিও ওর দুর্দান্ত কেটেছে।’

এরপর মেসির বয়স ও পারফরম্যান্সের উদাহরণ টেনে বেকহ্যাম আরও যোগ করেন, ‘৩৯ বছর বয়সে একটি বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব ফেলা বিশেষ কিছু। এই বয়সে এই মানের ফুটবল আর কেউ খেলছে না। তাই ব্যালন ডি'অরের জন্য তার নাম বিবেচনা করাটা একেবারে যৌক্তিক। আমার মতে, পুরস্কারটি তারই পাওয়া উচিত। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে বা জুড বেলিংহামের মতো দুর্দান্ত খেলোয়াড়রা তালিকায় থাকলেও লিওকে নিয়ে কথা বললে আমি সবসময়ই তার সবচেয়ে বড় সমর্থক।’

ব্যালন ডি’অরে মেসির আধিপত্য অবশ্য নতুন কিছু নয়। আর্জেন্টাইন তারকা এরই মধ্যে রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন। সম্প্রতি রেকর্ড ১৭তমবারের মতো মনোনয়ন পাওয়ার পর বেকহ্যাম মনে করছেন, মেসির ট্রফির সংখ্যা এবার নয়েও পৌঁছাতে পারে।

মায়ামির হয়ে মেসির প্রভাবও গত এক বছরে ছিল উল্লেখযোগ্য। গত মৌসুমে ক্লাবটিকে প্রথম এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে মূল একাদশে খেলার কীর্তিও গড়েছেন। বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া, করেছেন ৮ গোল, সঙ্গে ৪টি অ্যাসিস্ট।

চলতি ২০২৬ মৌসুমেও গোল ও গোলে সহায়তায় নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত ১৯ গোল ও ১৩ অ্যাসিস্ট নিয়ে গোল ও গোল-অবদানের দুই তালিকাতেই শীর্ষে রয়েছেন তিনি। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন