সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে কাঠগড়ায় তুললেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে কাঠগড়ায় তুললেন ওয়াসিম

বৈভব সূর্যবংশী ও পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বয়স এক দশক পেরিয়েছে। এই সময়ে কয়েকজন ভালো বোলার উঠে এলেও আন্তর্জাতিক মানের ব্যাটিং প্রতিভা তৈরিতে লিগটি কতটা সফল, এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। নিজের বক্তব্যের পক্ষে ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর উদাহরণও টেনেছেন তিনি। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক দুরবস্থা নিয়ে আলোচনায় ব্যাটিং প্রতিভার ঘাটতিকেই বড় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছেন ওয়াসিম। তার প্রশ্ন, এক দশক ধরে চলা পিএসএল কেন এখনো উল্লেখযোগ্য কোনো ব্যাটসম্যান উপহার দিতে পারেনি।

ওয়াসিম বলেন, ‘পিএসএল শুরু হয়েছে ১০ বছর হয়ে গেল। কিন্তু পিএসএল কি একজন ব্যাটসম্যানও তৈরি করেছে? কয়েকজন বোলার অবশ্যই এসেছে, কিন্তু উল্লেখ করার মতো কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা তৈরি করতে পেরেছি?’

এরপরই ভারতের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর প্রসঙ্গ টানেন ওয়াসিম। তার ভাষায়, এমন প্রতিভা পাকিস্তানও তৈরি করতে পারলেই ক্রিকেটে উন্নতির ধারা দেখা যাবে।

ওয়াসিম বলেন, ‘যেদিন আমরা ওই ১৪ বছরের ছেলেটির মতো একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি দেখতে শুরু করব।’

তার এই বক্তব্যের ইঙ্গিত বৈভব সূর্যবংশীর দিকেই। বর্তমানে ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার অল্প বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। আইপিএলে ১৪ বছর বয়সে অভিষেকের পর প্রথম বলেই ছক্কা মেরে নজর কাড়েন তিনি। এরপর বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটেও একের পর এক দারুণ ইনিংস খেলেছেন।

তবে পাকিস্তানে প্রতিভার সংকট আছে, এমনটা মানতে নারাজ ওয়াসিম। তার মতে, মূল সমস্যা প্রতিভা খুঁজে বের করা ও গড়ে তোলার কাঠামোয়। এ ক্ষেত্রে ক্লাব ক্রিকেটকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

সাবেক পাকিস্তান অধিনায়ক বলেন, ‘লাল বলের ক্রিকেটে উন্নতি চাইলে ক্লাব ক্রিকেটকে আবার দাঁড় করাতে হবে। করাচি ও লাহোরে পিসিবির বড় অঙ্কের অর্থ খরচ করা উচিত, কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।’

পিএসএলের সঙ্গে ওয়াসিমের সম্পর্কও বেশ পুরোনো। ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও পরামর্শকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই বাঁহাতি পেসার।

তবে পাকিস্তানের বর্তমান সংকটের পুরো দায় পিএসএলের ওপর চাপাচ্ছেন না ওয়াসিম। তার মতে, ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে স্থিরভাবে কয়েক বছর কাজ করার সুযোগ দিতে হবে। ঘন ঘন পরিবর্তন হলে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন