এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, কবে মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
২০১০ সালে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ছবি- বিসিবি
আইচি-নাগোয়ায় আজ পর্দা উঠেছে ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের প্রতিপক্ষ আফগানিস্তান। ১০ দলের এই প্রতিযোগিতায় সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১০ দলের এই আসর।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সরাসরি জায়গা পেয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর বাইরে বাছাইপর্ব পেরিয়ে মূল প্রতিযোগিতায় এসেছে হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে জাপান।
মূল পর্বের শুরুতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকবে তিনটি করে দল। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এই ছয় দলের মধ্যে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ আফগানিস্তান।
অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ২৮ সেপ্টেম্বর শুরু হবে নকআউট পর্ব। এরপর সেমিফাইনাল শেষে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ।
বাংলাদেশের ম্যাচ কবে?
বাংলাদেশকে প্রথম মাঠে নামতে অপেক্ষা করতে হবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা একটি দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
এশিয়ান গেমসে ক্রিকেটের পথচলা শুরু হয়েছিল ২০১০ সালে। সেবার পুরুষ ও নারী দুই বিভাগেই ছিল ক্রিকেট। পুরুষদের ফাইনালে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ।
এরপর ২০১৪ ও ২০২৩ সালের আসরেও ছিল ক্রিকেট। হাংঝুতে ২০২৩ সালের আসরে স্বর্ণ জেতে ভারত। সেটিই ছিল এশিয়ান গেমসে ভারতের প্রথম অংশগ্রহণ। আগের দুই আসরে সূচিগত জটিলতার কারণে তারা খেলেনি।
২০২৩ সালের ফাইনালে অবশ্য বৃষ্টির কারণে কোনো ফল হয়নি। ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। অর্থাৎ আফগানিস্তানকে হারিয়ে নয়, র্যাঙ্কিংয়ের নিয়মে স্বর্ণ পেয়েছিল ভারত।
এবারও একই নিয়ম থাকছে। নকআউট পর্বের কোনো ম্যাচ বৃষ্টিসহ অন্য কোনো কারণে পরিত্যক্ত হলে এবং ম্যাচের ফল নির্ধারণ সম্ভব না হলে আইসিসির অফিসিয়াল টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে।



