আর্জেন্টিনাকে নিয়ে স্পেনের বিশ্বকাপজয়ীর বিস্ফোরক মন্তব্য, কী হয়েছিল ফাইনালে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:১৯, ১২ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়েছে ১-০ ব্যবধানে স্পেনের জয়ে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ
ফাইনালের সেই বিতর্কিত ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। দ্য অ্যাথলেটিক-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাঠের উত্তেজনাকর পরিস্থিতির সমালোচনা করেছেন। বিশেষ করে শিশুদের সামনে এমন দৃশ্য ফুটবলের জন্য ভালো বার্তা দেয় না বলে মন্তব্য করেন প্যারিস সেন্ট জার্মেইর এই তারকা।
রুইজ বলেন, ‘এটি এমন একটি দৃশ্য, যা সবাই দেখেছে এবং কেউই দেখতে চায় না। অনেক ছোট শিশু ফুটবল অনুসরণ করে। তাদের সামনে আমাদের এমন কোনো উদাহরণ তৈরি করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘আপনাকে জিততে জানতে হবে, একইভাবে হারতেও জানতে হবে। কেউই হারতে পছন্দ করে না। কিন্তু বিশ্বকাপ ফাইনালে যা ঘটেছে, সেটি ছিল দুর্ভাগ্যজনক একটি মুহূর্ত।’
রুইজ আরও বলেন, ‘আমরা সবসময় ভালো উদাহরণ তৈরি করার চেষ্টা করি। কারণ ফুটবল ছোট থেকে শুরু করে বয়স্ক; সব বয়সের মানুষই দেখে। এটি এমন একটি মুহূর্ত ছিল, যা কেউ উপভোগ করেনি। আশা করি, মানুষ ঘটনাটি ভুলে যাবে এবং আমাদের অবিস্মরণীয় উদযাপনটাই মনে রাখবে।’
ফাইনালের পর সংঘর্ষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে সামনে থেকে জড়াতে দেখা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘটনার পর কঠোর অবস্থান নেয় ফিফা। পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। মোলিনাকে নিষিদ্ধ করা হয় ৭ ম্যাচের জন্য। আর স্পেনের তারকা দানি ওলমোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাকে আঘাত করার ঘটনায় আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।



