মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোটের হানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ৮ ম্যাচের পাঁচটিতেই খেলেছেন আলমাদা। ছবি- এএফএ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির ঠিক আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা। চোটের কারণে সামনে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
রোববার (২০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ঘরোয়া লিগে হুরকানের বিপক্ষে রিভার প্লেটের ২-১ গোলে হারের ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন আলমাদা। তবে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই বাঁধে বিপত্তি। সতীর্থকে পাস দেয়ার সময় ব্যথা অনুভব করেন তিনি। এরপরই ডাগআউটের দিকে ইশারা করে বদলি নামানোর অনুরোধ জানান এই মিডফিল্ডার।
কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি আলমাদা। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের পাঁচটিতে খেলা এই ফুটবলারকে হারানো তাই রিভার প্লেটের পাশাপাশি জাতীয় দলের জন্যও বড় ধাক্কা।
আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য আলমাদাকে রেখেই দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এখন তার জায়গায় নতুন কাউকে দলে নেয়ার কথা ভাবতে হবে কোচ স্কালোনিকে।
আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এবারের আন্তর্জাতিক বিরতি। তিন দিন পর বুর্কিনা ফাসোর মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ হওয়ার কথা রয়েছে।



