ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে ধাক্কাধাক্কি ও হাতাহাতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিল আর্জেন্টিনা ফাইনালে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি- ভিডিও থেকে নেয়া
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তাপ দেখা গেল ভলিবল কোর্টেও। দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর্জেন্টিনাকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা।
রিও ডি জেনিরোর ফাইনালটি ছিল একতরফা লড়াইয়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০ ব্যবধানে তিন সেটেই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক ব্রাজিল।
তবে ম্যাচ শেষ হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচের ভিডিওতে দেখা যায়, শেষ পয়েন্ট জেতার পর ব্রাজিলের খেলোয়াড় দারলান আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে হাত নেড়ে বিদায়ের ইঙ্গিত দেন। তার এই অঙ্গভঙ্গি ভালোভাবে নেননি আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়। তারা দারলানের দিকে এগিয়ে গেলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি।
শিরোপা জয়ের সঙ্গে ব্রাজিলের জন্য এসেছে আরও বড় প্রাপ্তি। এই সাফল্যে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। অন্যদিকে মহাদেশীয় প্রতিযোগিতায় হেরে সরাসরি অলিম্পিকের সুযোগ হারিয়েছে আর্জেন্টিনা।
তবে আর্জেন্টিনার অলিম্পিক স্বপ্ন এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাদের সামনে রয়েছে আরও দুটি পথ। এর মধ্যে একটি হলো ২০২৭ সালের বিশ্বকাপ। আগামী বছরের ১০ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে বসবে ছেলেদের ভলিবল বিশ্বকাপ। মহাদেশীয় পর্যায় থেকে সরাসরি অলিম্পিকে জায়গা না পাওয়া দলগুলোর মধ্য থেকে বিশ্বকাপের মাধ্যমে তিনটি কোটা দেওয়া হবে।
আরেকটি সুযোগ আসবে বিশ্ব র্যাঙ্কিং থেকে। এই পথেও তিনটি অলিম্পিক কোটা বরাদ্দ থাকবে। বর্তমানে র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা আর্জেন্টিনাকে তাই আসন্ন নেশনস লিগে ভালো ফল করে মূল্যবান র্যাঙ্কিং পয়েন্ট সংগ্রহ করতে হবে।
ফলে ব্রাজিলের জন্য রিওর রাতটি হয়ে থাকল শিরোপা ও অলিম্পিকের টিকিট পাওয়ার আনন্দের, আর আর্জেন্টিনার জন্য একই রাত হয়ে থাকল নতুন পথের সন্ধানের শুরু।



