ভুল নামে মেসিকে খুঁজেছিল আর্জেন্টিনা, বিদায়ের আগে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১:৫৮, ৬ অক্টোবর ২০২৬

ভুল নামে মেসিকে খুঁজেছিল আর্জেন্টিনা, বিদায়ের আগে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ক্যারিয়ারের শুরুতে ঠিক মতো মেসির নামই জানতেন না এএফএ কর্তারা। ফাইল ছবি

যে ছেলেটি একদিন আর্জেন্টিনার কাছেই ছিলেন অচেনা, তিনিই এখন দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম। শেষ ম্যাচের আগে জানা গেল, শুরুর গল্পটা ছিল অবিশ্বাস্য সব ভুল আর সংশয়ে ভরা। বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামার আগে তাকে ঘিরে চলছে বিদায়ের নানা আয়োজন। আর এই আবেগঘন মুহূর্তের মধ্যেই সামনে এসেছে মেসির শুরুর দিকের এক অবিশ্বাস্য গল্প। একসময় আর্জেন্টিনার ফুটবল কর্তাদেরই জানা ছিল না তার নাম আসলে কী!

মেসিকে খুঁজতে গিয়ে ভুলভাল নাম ব্যবহার করেছিলেন আর্জেন্টাইন স্কাউটরা। এমনকি বার্সেলোনায় তাঁকে খুঁজতে গিয়ে তারা ‘মেচ্চি’ নামের এক খেলোয়াড়ের খোঁজও করেছিলেন।

আর্জেন্টাইন সাংবাদিক ও লেখক সের্খিও লেভিনস্কি তার ‘মেসি অ্যান্ড এভরিথিং এলস’ বইয়ে মেসির ক্যারিয়ারের এই শুরুর দিনগুলোর কথা তুলে ধরেছেন। রয়টার্সকে তিনি বলেন, ‘মেসি অনেক পর্ব পার করেছেন, আর প্রতিটি পর্ব একেবারেই আলাদা যুগের মতো। শুরুতে জাতীয় দলে তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন।’

কিশোর বয়সেই বার্সেলোনায় চলে গিয়েছিলেন মেসি। স্পেন তাকে নিজেদের জাতীয় দলে খেলানোর চেষ্টা করেছিল। অথচ নিজের দেশ আর্জেন্টিনাই তখন তাকে প্রায় চিনত না।

২০০৩ সালে ফিনল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন। ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ওই ম্যাচে স্পেনের হয়ে দুটি গোল করেছিলেন সেস ফ্যাব্রেগাস। বার্সেলোনার লা মাসিয়ায় তিনি ছিলেন মেসির সতীর্থ।

লেভিনস্কির ভাষ্য অনুযায়ী, ম্যাচ শেষে ফ্যাব্রেগাস আর্জেন্টিনার কর্মকর্তাদের বলেছিলেন, ‘তোমরা আমাদের কাছে হেরেছ, কারণ তোমাদের সেরা খেলোয়াড় আমাদের বার্সেলোনায় আছে, আর সে একজন প্রতিভাবান।’

আর্জেন্টিনার যুব দলের কোচ উগো তোকাল্লিও একই ধরনের ঘটনার কথা স্মরণ করেছেন। গত মাসে ‘ওলে সামিট’-এ তিনি জানান, স্পেন দলের প্রধান শেফ তাকে বলেছিলেন, টুর্নামেন্ট জিততে হলে আর্জেন্টিনার দরকার ‘বার্সেলোনায় খেলে এমন একটি ছেলে’।

কিন্তু রোজারিওর সেই ছেলেকে খুঁজে বের করাই হয়ে উঠেছিল বড় কাজ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী ওমর সুতো রোজারিওর টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে স্পেনে মেসির পরিবারের খোঁজ পান। ফোনে তিনি ‘লিওনার্দো’র কথা জানতে চান।

‘মেসি: দ্য ফরগটেন টেপ’ ডকুমেন্টারি অনুযায়ী, তখন তাকে বলা হয়েছিল, ‘তার নাম লিওনার্দো নয়, লিওনেল।’

নাম নিয়ে ভুল এখানেই শেষ হয়নি। কাগজপত্রেও ছিল গোলমাল। লেভিনস্কি জানান, এএফএ বার্সেলোনায় একটি ফ্যাক্স পাঠিয়েছিল। সেখানে ‘মেচ্চি’ নামের এক খেলোয়াড়ের খোঁজ করা হয়। কর্মকর্তারা ভেবেছিলেন, ছেলেটি হয়তো ইতালীয়। তাই নামের মধ্যে দুটি ‘c’ বসানো হয়েছিল।

এত ভুল বোঝাবুঝির পরও শেষ পর্যন্ত মেসিকে খুঁজে পায় আর্জেন্টিনা। ২০০৪ সালে অনূর্ধ্ব-২০ দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। নীল-সাদা জার্সিতে সেটিই ছিল তার প্রথম মাঠে নামা। তবে তখনো তাকে নিয়ে সন্দেহ পুরোপুরি কাটেনি।

২০০৫ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচটি হেরেছিল আর্জেন্টিনা। লেভিনস্কি বলেন, ‘যে ছেলে দেশে খেলে না, তাকে দলে ডাকার বিরুদ্ধে প্রবল বিরোধিতা ছিল। শুরুর সেই সন্দেহের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে। স্পেনে থাকেন বলে তাকে বিদেশি ভাবা হতো।’

২০১১ সালে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বদলাতে শুরু করে সেই ছবি। কঠিন পরিস্থিতিতে এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জেতে আর্জেন্টিনা। সেই জয়ে বড় ভূমিকা ছিল মেসির। লেভিনস্কি বলেন, ‘তিনি ক্লান্ত ছিলেন, এমনকি বমিও করেছেন, তবু শেষ পর্যন্ত জিতিয়ে ছেড়েছেন। সমর্থকরা প্রথমবার তাকে অন্য চোখে দেখল।’

সমর্থকদের সঙ্গে মেসির সম্পর্ক আরও গভীর হয় ২০১৬ সালে। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর কিছুদিনের জন্য অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু এবার সমর্থকদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। তারা মেসিকে দোষারোপ না করে বরং ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন।

লেভিনস্কির ভাষায়, ‘মানুষ বুঝতে পারল, হারের জন্য তিনি দায়ী নন। তিনিই তো দলকে ফাইনালে তুলছিলেন।’

এরপর লিওনেল স্কালোনির অধীনে বদলে যায় মেসির গল্প। নতুন প্রজন্মের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন তিনি। অধিনায়ক হিসেবে হয়ে ওঠেন আরও স্পষ্টভাষী। লেভিনস্কির ভাষায়, ‘মেসিকে পাওয়া ছিল হঠাৎ জানতে পারার মতো যে, তোমার একটি ১৮ বছরের ছেলে আছে। ছেলেটি যে আছে, তা-ই জানতে না, অথচ এখন তাকে ভালোবাসতে হবে। এ ছিল গড়ে ওঠা এক ভালোবাসা।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন