বিদায়ের মঞ্চ প্রস্তুত, শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১:৫৪, ৬ অক্টোবর ২০২৬

বিদায়ের মঞ্চ প্রস্তুত, শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় ক্ষুদে জাদুকর। ফাইল ছবি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচের আগে শেষ অনুশীলনটাও সেরে ফেলেছেন লিওনেল মেসি। সতীর্থ, কোচিং স্টাফ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের সঙ্গে এদিনের সময়টা ছিল আবেগঘন। অনুশীলন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজের অনুভূতিও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মেসিকে পুরো ৯০ মিনিটই মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। ফলে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচটি ঘিরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে থাকছে দর্শকদের উপচে পড়া উপস্থিতি।

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। বিদায়ের সেই মুহূর্ত যত এগিয়ে আসছে, ততই ভারী হচ্ছে আবেগ। তারই ছাপ দেখা গেল জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে মেসির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।

এজেইজা অনুশীলনকেন্দ্রে দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। অনুশীলন শেষ হওয়ার পর সতীর্থদের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। সেখানেই লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি মিস করব।’

মেসির প্রকাশ করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং এএফএর কর্মীদের একসঙ্গে দেখা গেছে। ছবিতে ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। সতীর্থদের সঙ্গে হাসিমুখে মেসির সেই ছবিটি যেন জাতীয় দলের দীর্ঘ পথচলার একটি আবেগঘন স্মারক হয়ে থাকল।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি হতে যাচ্ছে বেনিনের বিপক্ষে। আগামীকাল বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাতীয় দলের হয়ে মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই ম্যাচের দলে রয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোর মতো পরিচিত মুখও। ওতামেন্দি নিজেও জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ম্যাচে তারা শুরু থেকে খেলবেন কি না, কিংবা কতটা সময় মাঠে থাকবেন, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

শুধু ম্যাচ নয়, মেসির বিদায়ী আয়োজনে থাকছে আরও নানা চমক। উপস্থিত থাকার কথা কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রায় সব সদস্যদের। থাকবেন অতিথি শিল্পীরাও। সব মিলিয়ে রাতটি হতে যাচ্ছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের এক অবিস্মরণীয় অধ্যায়ের শেষ পৃষ্ঠা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন