বিশ্বকাপে পেলের কীর্তি ছাপিয়ে ইতিহাস গড়লেন ওলিসে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯:৪০, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপে পেলের কীর্তি ছাপিয়ে ইতিহাস গড়লেন ওলিসে

মাইকেল ওলিসে । ছবি: এপি

২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স শিরোপা জিততে ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৫৬ বছর পুরোনো রেকর্ড।

রোববার (১৯ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পের দুই গোলেই অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী ওলিসে। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে  এই তরুণ তারকার মোট অ্যাসিস্ট দাঁড়ায় ৭টি।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে সেলেসাও কিংবদন্তি পেলে ৬টি অ্যাসিস্ট করে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড ছিল অটুট। অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের শীর্ষস্থান দখল করলেন ওলিসে।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই নিজের সৃজনশীলতার ছাপ রেখেছেন ওলিসে। সেনেগালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে একটি অ্যাসিস্ট দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ইরাকের বিপক্ষে জয়ে করেন আরও দুটি অ্যাসিস্ট। শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে হারানোর ম্যাচেও জোড়া অ্যাসিস্ট করে চার ম্যাচেই নিজের অ্যাসিস্ট সংখ্যা পাঁচে নিয়ে যান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পের দুটি গোল বানিয়ে দিয়ে রেকর্ডটি নিজের করে নেন।

এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট-

৭ – মাইকেল অলিসে (ফ্রান্স), ২০২৬
৬ – পেলে (ব্রাজিল), ১৯৭০
৫ – রবার্ট গাদোখা (পোল্যান্ড), ১৯৭৪
৫ – পিয়েরে লিটবারস্কি (পশ্চিম জার্মানি), ১৯৮২
৫ – দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ১৯৮৬
৫ – টমাস হ্যাসলার (জার্মানি), ১৯৯৪

উল্লেখ্য, বিশ্বকাপে নামার আগেই দারুণ ছন্দে ছিলেন ওলিসে। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোলের পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। সেই ফর্মই ধরে রাখেন জাতীয় দলের জার্সিতেও। ফ্রান্স শিরোপা জিততে না পারলেও, বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখলেন এই ফরাসি ফরোয়ার্ড।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন