ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ জর্ডানের
প্রকাশ: ২২:৫৭, ৫ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ এনেছে জর্ডান। ছবি- সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন আল-হুসেইন। তার দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল ফিফা। বিষয়টিকে তিনি ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছেন। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ঘিরে আলি বিন আল-হুসেইনের অভিযোগ, কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে সহায়তার আবেদন জানালেও ফিফার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। পরে বিশ্বকাপ চলাকালে তাকে মৌখিকভাবে জানানো হয়, ইনফান্তিনোর প্রতি সমর্থন জানালে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলি লিখেছেন, জর্ডান সবসময় নৈতিক অবস্থানকে গুরুত্ব দেয়। সে কারণেই অতীতে যেমন ইনফান্তিনোকে সমর্থন করেননি, ভবিষ্যতেও করবেন না। তার মতে, এ ধরনের প্রস্তাব ‘ব্ল্যাকমেইলের’ শামিল এবং এর কাছে তারা নত স্বীকার করবেন না।
ইনফান্তিনোর বিরুদ্ধে এটিই একমাত্র অভিযোগ নয়। আলি আরও দাবি করেছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ভিসা–সংক্রান্ত জটিলতায় পড়েও প্রয়োজনীয় সহায়তা পাননি জর্ডানের সমর্থকেরা। একই সঙ্গে বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত ব্যয় এবং ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরও প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
তার দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে উল্লেখযোগ্য করের বোঝা বহন করতে হয়েছে, অথচ কানাডা বা মেক্সিকোতে অবস্থান করা দলগুলোর ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হয়নি।
এ ছাড়া কাতারে অনুষ্ঠিত ২০২৫ সালের আরব কাপে ফাইনালে ওঠার পরও প্রতিশ্রুত অর্থ এখনও বুঝে পায়নি জর্ডান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলি বলেন, ফিফা তাদের আর্থিক সক্ষমতার কথা নিয়মিত তুলে ধরলেও অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্য অর্থ সময়মতো পরিশোধ করছে না।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কের রেশ কাটতে না কাটতেই ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা এই নতুন অভিযোগ বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।



