মেসির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা আর্জেন্টিনা ফুটবল প্রধানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৫১, ৭ আগস্ট ২০২৬

মেসির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা আর্জেন্টিনা ফুটবল প্রধানের

তাপিয়া বলেন, মেসির ভবিষ্যৎ নিয়ে বাইরে থেকে কোনো চাপ সৃষ্টি করার সুযোগ নেই। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে ফাইনালেই। তবে টুর্নামেন্টজুড়ে লিওনেল মেসির পারফরম্যান্স ছিল আকাশছোঁয়া। বিশ্বকাপ শেষে তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যখন নানা জল্পনা শুরু হয়েছে, তখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়ে দিলেন, মেসির অবসর নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র মেসিরই। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, মেসির ভবিষ্যৎ নিয়ে বাইরে থেকে কোনো চাপ সৃষ্টি করার সুযোগ নেই। তিনি কত দিন জাতীয় দলের হয়ে খেলবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

‘এটা একেবারেই লিওর বিষয়। তাকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দিতে হবে। ২০২২ সালের পরও তো আমরা নিশ্চিত ছিলাম না, সে ২০২৬ বিশ্বকাপ খেলবে কি না। তখনও সে বলেছিল, এক ম্যাচ করে এগোতে চায়। এবারও সেটাই হওয়া উচিত,’ বলেন তাপিয়া।

এএফএ সভাপতির মতে, মেসিকে এখন অবসর নিয়ে প্রশ্নে ব্যস্ত না রেখে ফুটবলটা উপভোগ করার সুযোগ দেয়া প্রয়োজন। সময় হলে তিনিই নিজের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।

বিশ্বকাপে মেসির অবদান নিয়েও উচ্ছ্বসিত তাপিয়া। তার ভাষায়, ‘আমার কাছে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিল লিও। ম্যাচের পর ম্যাচ সে পার্থক্য গড়ে দিয়েছে, নতুন রেকর্ড তৈরি করেছে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এমন একটি বিশ্বকাপ নিয়ে আমাদের গর্ব করা উচিত।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখে টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসি।

সাক্ষাৎকারের শেষ দিকে আবেগও ছুঁয়ে যায় তাপিয়াকে। তিনি বলেন, বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচ শেষে মেসির সঙ্গে ভাগ করে নেয়া আলিঙ্গনই তার সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।

‘ম্যাচ শেষে যখনই আমাদের দেখা হতো, সেই মুহূর্তগুলোই ছিল সবচেয়ে বিশেষ। এই সম্পর্ক আর সেই স্মৃতিগুলো আমি সব সময় হৃদয়ে ধরে রাখব,’ বলেন এএফএ সভাপতি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন