লুক বদলে আলোচনায় ভিনিসিয়ুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯:২৮, ২২ জুলাই ২০২৬
বর্তমান ও আগের লুকে ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত
মাঠের পারফরম্যান্স নয়, এবার নতুন চেহারার কারণেই আলোচনায় উঠে এসেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি তিনি চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক সার্জারির মাধ্যমে চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট করেছেন। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।
প্রকাশিত ছবিগুলোতে ২৬ বছর বয়সী এই ফুটবলারের মুখের গঠন আগের তুলনায় আরও প্রশস্ত ও ভারসাম্যপূর্ণ দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় তিনি এই সৌন্দর্যবর্ধক চিকিৎসা করান।
কী এই চিন হারমোনাইজেশন?
চিন হারমোনাইজেশন বা চিবুকের গঠন পুনর্বিন্যাস একটি নান্দনিক চিকিৎসা পদ্ধতি। এটি অস্ত্রোপচার বা অস্ত্রোপচারবিহীন; উভয় উপায়েই করা যেতে পারে। এর মূল উদ্দেশ্য হলো চিবুক, চোয়াল, নাক ও ঠোঁটের মধ্যে সামঞ্জস্য তৈরি করে মুখের সামগ্রিক সৌন্দর্য ও ভারসাম্য বৃদ্ধি করা।
বিশ্বকাপ শেষে এখন রিয়াল মাদ্রিদে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন মৌসুমে হোসে মরিনহোর অধীনে লা লিগা অভিযান শুরু করবে মাদ্রিদ। ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মৌসুম শুরু হওয়ার কথা। এদিকে, ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর, আর ফিরতি লেগ হবে ১০ মে ২০২৭।



