বিশ্বকাপ মাতিয়ে ট্রান্সফারমার্কেটে রেকর্ড, ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯:৩১, ২৪ জুলাই ২০২৬

বিশ্বকাপ মাতিয়ে ট্রান্সফারমার্কেটে রেকর্ড, ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ

কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া । ছবি- এপি

২০২৬ ফিফা বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস, যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনিয়া’ নামেই সমধিক পরিচিত। ৪১ বছর বয়সে দেশের অভিষেক বিশ্বকাপে এসে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বনে গেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা সেনসেশন। সমর্থকদের ভোটে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্ট সেরা একাদশেও।

বিশ্বকাপে এই রূপকথার পারফরম্যান্সের সরাসরি প্রভাব পড়েছে তার দলবদলের বাজারে। ফুটবলারদের ট্রান্সফার মার্কেট ও দাম নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এ ভোজিনিয়ার বাজারমূল্য এক লাফে বেড়েছে প্রায় ৯০০ শতাংশ! বিশ্বকাপের আগে তার বাজারমূল্য মাত্র ৫৮ হাজার ডলার থাকলেও টুর্নামেন্ট শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ডলারে। চলমান বিশ্বকাপের পর অন্য কোনো ফুটবলারের বাজারমূল্য এত বড় শতাংশে বাড়েনি।

টুর্নামেন্টের শুরুটা স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে করেছিলেন ভোজিনিয়া। কেপ ভার্দের ইতিহাসে বিশ্বকাপের প্রথম সেই ম্যাচে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য ৭টি সেভ করে দলকে গোলশূন্য ড্র উপহার দেন তিনি। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও করেন ৩টি সেভ। ফলে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নকআউটে পা রাখে কেপ ভার্দে।

তবে ভোজিনিয়ার ক্যারিয়ারের সেরা রাতটি আসে শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচে রীতিমতো পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে একে একে ৮টি সেভ করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় কেপ ভার্দেকে, তবুও মাঠে তার বীরত্বপূর্ণ পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোজিনিয়ার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৯ মিলিয়নে, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার বা ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তি গোলরক্ষকদের তুলেও বেশ এগিয়ে।

সবশেষ মৌসুমে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেজে খেলা এই গোলরক্ষক বর্তমানে ক্লাবহীন রয়েছেন। তবে দুর্দান্ত এই বিশ্বকাপের সুবাদে ইতিমধ্যেই লাতিন আমেরিকার বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এখন দেখার বিষয়, বিপুল জনপ্রিয়তা ও ট্রান্সফারমার্কেটে দাম বেড়ে যাওয়ায় এই অভিজ্ঞ গোলরক্ষক নতুন কোনো বড় ঠিকানায় ভিড় জমাতে পারেন কি না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন