মেসি-পরবর্তী আর্জেন্টিনা: ২০৩০ বিশ্বকাপে দেখা যেতে পারে যাদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯:৩৫, ২৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল । ছবি- এপি
টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনা দলে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কোচ লিওনেল স্কালোনির বক্তব্যেও স্পষ্ট হয়ে উঠেছে যে, সময়ের নির্মম বাস্তবতায় খুব শীঘ্রই আলবিসেলেস্তে স্কোয়াডে বড় ধরণের রূপান্তর ঘটতে চলেছে। তাই ২০২৬ বিশ্বকাপ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপে কোন তারকাদের দেখা যাবে আর কারা জাতীয় দলকে বিদায় জানাবেন?
সবার শীর্ষের নামটা হয়তো লিওনেল মেসির। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালের হারের পর সর্বকালের সেরা এই ফুটবলার নিজেই সিদ্ধান্ত নেবেন জাতীয় দলের হয়ে তার পথচলা আর কতদূর দীর্ঘ হবে। একইভাবে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও আগেই জানিয়ে দিয়েছিলেন, এই বিশ্বকাপই হবে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার শেষ অফিসিয়াল টুর্নামেন্ট।
বিশ্বকাপজুড়ে ডান হাতে চোট নিয়ে খেলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না তা নিয়ে তাঁকে ভাবতে হবে। এছাড়া ত্রিশোর্ধ্ব রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকো, নিকো গঞ্জালেস ও জিওভানি লো সোলসোদের ভবিষ্যৎ মূলত নির্ভর করবে ক্লাব ফুটবলে তাদের পারফরম্যান্স ও সময়ের ওপর।
মেসি-ওতামেন্দির বিদায়ের গুঞ্জনের মাঝেও আর্জেন্টিনার জন্য স্বস্তির বিষয় হলো, ২৫ থেকে ৩০ বছর বয়সী এক প্রজন্মের শক্ত ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। পরবর্তী বিশ্বকাপ চক্রে দলকে নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে প্রস্তুত রয়েছেন। এই তালিকায় রয়েছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, এজাকুয়েল প্যালাসিওসের মতো পরীক্ষিত ফুটবলার।
দলের পরবর্তী পরিকল্পনা ও স্কোয়াডে নিজেদের জায়গা পাকাপোক্ত করার দৌড়ে এগিয়ে আছেন ভ্যালেন্টিন বারকো, হোসে ম্যানুয়েল লোপেস, নিকো পাজ এবং জুলিয়ানো সিমিওনের মতো তরুণরা। এছাড়া লিও বালের্দি, মার্কোস সেনেসিও, আরান্দা ও নিকোলাস কাপালদোর পাশাপাশি মাতিয়াস সুলে, আগুস্তিন গিয়াই এবং তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান ও ফাকুন্দো ক্যাম্বেসেসেরাও ধীরে ধীরে ভবিষ্যতের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন।



