বিশ্বকাপে হারের পর প্রথমবার জনসমক্ষে মেসি

প্রকাশ: ১৭:১২, ২৬ জুলাই ২০২৬

বিশ্বকাপে হারের পর প্রথমবার জনসমক্ষে মেসি

লিওনেল মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রানার্সআপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনালে হারের পর কয়েক দিন পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ককে। তবে মাঠে ফুটবল খেলতে নয়, পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি। টিওয়াইসি স্পোর্টস

শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের ২১তম রাউন্ডে লিওনেসের মুখোমুখি হয় সেন্ট্রাল কর্দোবা। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর কালো রঙের হুডি পরে স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। যতটা সম্ভব আড়ালেই থাকার চেষ্টা করলেও দর্শকদের চোখ এড়াতে পারেননি তিনি।

টেলিভিশনের সম্প্রচার এবং দর্শকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গোলপোস্টের পেছনের ভিআইপি বক্সে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন মেসি। তাকে দেখতে পেয়ে গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে থাকেন। বরাবরের মতোই হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন আর্জেন্টাইন তারকা। বিশেষ করে শিশু সমর্থকদের প্রতি তার আন্তরিক অভিবাদন উপস্থিত দর্শকদেরও মুগ্ধ করে।

আর্জেন্টিনার রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিও মেসির স্টেডিয়ামে উপস্থিতির ভিডিও প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, লিওনেসের ম্যাচ দেখতে অরোইয়ো সেকোতে গিয়েছিলেন মেসি এবং সেখানে তিনি রেডিওটির জন্য একটি বিশেষ শুভেচ্ছা বার্তাও দেন।

এই হারের পরও ‘বি’ গ্রুপে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রয়েছে লিওনেস। ক্লাবটির সভাপতি মেসির বড় ভাই মাতিয়াস মেসি। শীর্ষে থাকা কানুয়েলাসের সংগ্রহ ৩৬ পয়েন্ট, ফলে শীর্ষ দলের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ হারায় লিওনেস।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের একটি অংশ প্রধান কোচ লিওনেল স্কালোনিকে সঙ্গে নিয়ে বুয়েনেস এইরেসে ফিরলেও মেসি সেই দলে ছিলেন না। তিনি সরাসরি রোজারিওতে ফিরে পরিবারের সঙ্গে ফুনেসে ছুটি কাটানো শুরু করেন। বিশ্বকাপ শেষে জনসমক্ষে এটিই ছিল তার প্রথম উপস্থিতি।

এদিকে মেসির ছুটি এখনও শেষ হয়নি। কয়েক দিনের মধ্যে তাকে আবার ইন্টার মায়ামিতে যোগ দেয়ার কথা থাকলেও এখনো তার ফেরার নির্দিষ্ট তারিখ জানায়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। কোচ গিয়ের্মো হোয়োসও সম্প্রতি জানিয়েছেন, মেসি কবে দলে ফিরবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এরই মধ্যে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচেও অংশ নিচ্ছেন না মেসি। গত বছর অল-স্টার ম্যাচে না খেলায় শাস্তির মুখে পড়তে হলেও এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্বকাপ এমএলএস মৌসুমের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল। তাই যেসব ফুটবলার নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলেছেন, তাদের অল-স্টার ম্যাচে অংশগ্রহণের বাধ্যবাধকতা থেকে বিশেষ ছাড় দিয়েছে এমএলএস। সেই সিদ্ধান্তের আওতায় রয়েছেন মেসিও।

সি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন