৫৯ বছরেও গোল করে ইতিহাস গড়লেন ‘কিং কাজু’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯:১১, ২৭ জুলাই ২০২৬

৫৯ বছরেও গোল করে ইতিহাস গড়লেন ‘কিং কাজু’

৫৯ বছরেও খেলে যাচ্ছেন কিং কাজু। ছবি: সংগৃহীত

‘কিং কাজু’ হিসেবে পরিচিত জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা আবারও প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা। ৫৯ বছর বয়সে এসে তিনি একটি অফিসিয়াল ম্যাচে গোল করে নিজের দীর্ঘ ও অবিশ্বাস্য ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি স্মরণীয় অধ্যায়। তথ্য বেইন স্পোর্টসের। 

জাপানের সম্রাটস কাপ-এ ফুকুশিমা ইউনাইটেডেহয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলেন মিউরা। ম্যাচে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলের পক্ষে ৫-০ ব্যবধান নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলের বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়।

এটি ছিল প্রায় চার বছর পর মিউরার প্রথম অফিসিয়াল গোল। এর আগে ২০২২ সালের নভেম্বরে অ্যাটলেটিকো সুজুকার হয়ে সর্বশেষ গোল করেছিলেন তিনি। দীর্ঘ গোলখরা কাটিয়ে এমন বয়সে আবারও গোল করার কীর্তি ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।

আগামী বছর ৬০ বছরে পা রাখতে চলেছেন ‘কিং কাজু’। তবুও তিনি এখনও পেশাদার ফুটবলে সক্রিয়। ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত, ফলে বিশ্বের অন্যতম দীর্ঘ ফুটবল ক্যারিয়ারকে আরও দীর্ঘ করার সুযোগ এখনও রয়েছে তার সামনে।

জাপানি ফুটবলের পথিকৃৎ হিসেবে মিউরার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনিই প্রথম জাপানি ফুটবলার যিনি ইতালির সেরি আ’তে খেলেছিলেন। চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি দিনামো জাগরেব, কিয়োটো সাঙ্গা, ভিসেল কোবে, সিডনি এফসিসহ জাপান ও বিদেশের একাধিক ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন।

যেখানে অধিকাংশ ফুটবলার চল্লিশের আগেই অবসর নেন, সেখানে ৫৯ বছর বয়সেও পেশাদার ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন কাজুয়োশি মিউরা। তার কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা বিশ্বের অসংখ্য ক্রীড়াপ্রেমীকে অনুপ্রাণিত করে চলেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন