ফুটবলে আসছে কঠোর নিয়ম, পা ভাঙালে দীর্ঘ নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯:৪৪, ৩১ জুলাই ২০২৬

ফুটবলে আসছে কঠোর নিয়ম, পা ভাঙালে দীর্ঘ নিষেধাজ্ঞা

ম্যাচে ফাউলের দৃশ্য

ব্রাজিলিয়ান ফুটবলে বিরল এক শাস্তির মুখে পড়েছেন ইন্টারনাসিওনালের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল। ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক গুরুতর চোট থেকে সেরে অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। ইএসপিএন

মঙ্গলবার (২৮ জুন) ব্রাজিলের সর্বোচ্চ স্বাধীন ক্রীড়া বিচারিক সংস্থা সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) এ রায় দিয়েছে।

গত ২২ জুলাই ব্রাজিলিয়ান লিগের ম্যাচে ইন্টারনাসিওনাল ও ক্রুজেইরোর মুখোমুখি লড়াইয়ে ঘটে ঘটনাটি। ম্যাচ চলাকালে ভিক্টর গ্যাব্রিয়েলের এক ট্যাকলে বাঁ পায়ের টিবিয়া ভেঙে যায় গ্যাব্রিয়েল পেকের। গুরুতর এই চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ক্রুজেইরোর এই ফরোয়ার্ড।

টনার গুরুত্ব বিবেচনায় আদালত মনে করেছে, প্রচলিত নিয়মে কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। তাই ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির বিশেষ একটি বিধান প্রয়োগ করে ভিক্টর গ্যাব্রিয়েলের নিষেধাজ্ঞাকে পেকের সুস্থ হয়ে অনুশীলনে ফেরার সময়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ ১৮০ দিন। এর আগে যদি চিকিৎসকদের অনুমতি নিয়ে পেক অনুশীলনে ফিরতে পারেন, তাহলে ভিক্টর গ্যাব্রিয়েলের নিষেধাজ্ঞাও সেদিনই শেষ হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

আদালতে নিজের বক্তব্যে ভিক্টর গ্যাব্রিয়েল বলেন, প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করার কোনো ইচ্ছাই তার ছিল না। পেকের চোটের পর থেকে মানসিকভাবে কঠিন সময় পার করছেন বলেও জানান তিনি। আদালতে তিনি বলেন, আমি তার জন্য প্রার্থনা করতে করতে অনেক রাত নির্ঘুম কাটিয়েছি। ক্রুজেইরোর সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

বর্তমানে ক্রুজেইরোর হয়ে খেললেও গ্যাব্রিয়েল পেক এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এলএ গ্যালাক্সির হয়ে খেলেছেন। সর্বশেষ বিশ্বকাপ বিরতির সময় অন্তত ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের ক্লাব-রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভিড়িয়েছিল ক্রুজেইরো।

ভিক্টর গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৪ নম্বর ধারায় ‘সহিংস খেলার’ অভিযোগ আনা হয়। গুরুতর চোটের ঘটনায় অভিযুক্ত খেলোয়াড়ের নিষেধাজ্ঞার মেয়াদ আহত খেলোয়াড়ের পুনর্বাসনের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করার সুযোগ রয়েছে ওই বিধানে। আদালত সেই বিধানই প্রয়োগ করেছে।

তবে এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। বিচারক রদ্রিগো স্টেইনমান বাইয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী ভিক্টর গ্যাব্রিয়েলকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে মত দেন। কিন্তু আদালতের সভাপতি হোর্হে অক্তাভিও লাভোকাত গালভাঁও এবং বিচারক এদুয়ার্দো জিবলে সালেস রামোস ও আলিনে গনসালভেস জাতাহি দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেয়ায় সেটিই চূড়ান্ত রায় হিসেবে গৃহীত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন