বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ফিফা সভাপতির সঙ্গে কোনো কথা হয়নি: ট্রাম্প
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৪৫, ১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ইনফান্তিনোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান ট্রাম্প। সংগৃহীত
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্বে যখন তুমুল বিতর্ক, তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এ বিষয়ে কখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তিনি ফিফাকে কখনো কোনো পরামর্শ দেননি এবং এ বিষয়ে ইনফান্তিনোর সঙ্গেও তার কোনো আলোচনা হয়নি।
গত মঙ্গলবার বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা প্রকাশ্যে আসে। সেই পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি সহায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে, যা বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার দায়িত্বে থাকবে।
ফিফা জানিয়েছে, নতুন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখা হবে। তবে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে বাইরের বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। পুরো উদ্যোগটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার।
পরিকল্পনাটি সামনে আসার পরই তীব্র আপত্তি জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জরুরি বৈঠকে সংস্থাটির ৫৫ সদস্য দেশের প্রতিনিধিরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। পরে উয়েফা জানায়, ফিফা যদি এ পরিকল্পনা থেকে সরে না আসে, তাহলে ভবিষ্যতে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার বিষয়টিও বিবেচনা করা হবে।
শুধু উয়েফাই নয়, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) পরিকল্পনাটির বিরোধিতা করেছে।
তবে সমালোচনার মুখেও নিজেদের অবস্থানে অনড় ফিফা। সংস্থাটির দাবি, গণমাধ্যমে পরিকল্পনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ফুটবলকে বিক্রি করার প্রশ্নই আসে না।
ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আগে থেকেই আলোচনা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। ফিফার পরিকল্পনায় সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্বে থাকতে পারেন জশুয়া কুশনার, যিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।



