‘ফকল্যান্ডস’ ব্যানার বিতর্কে নতুন মোড়, প্রকাশ্যে এলো অজানা তথ্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৪৩, ৩ আগস্ট ২০২৬

‘ফকল্যান্ডস’ ব্যানার বিতর্কে নতুন মোড়, প্রকাশ্যে এলো অজানা তথ্য

‘ফকল্যান্ডস আমাদের’ ব্যানার হাতে আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনা দলের উদযাপনের একটি মুহূর্ত নতুন করে আলোচনায় এসেছে। সেই উদযাপনের সময় খেলোয়াড়দের হাতে দেখা যায় একটি ব্যানার, যাতে লেখা ছিল— ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

আর্জেন্টাইন সময় গত শনিবার (১ আগস্ট) এক সমর্থক সামাজিক মাধ্যমে আগে প্রকাশ না হওয়া একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় কীভাবে ব্যানারটি গ্যালারি থেকে মাঠে এসে পৌঁছায়।

ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি বুঝতেই পারিনি যে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছি। বিশ্বকাপ থেকে ফেরার দুই সপ্তাহ পর ভিডিও ও ছবি দেখতে গিয়ে হঠাৎ দেখি, অজান্তেই ব্যানারটি মাঠে আসার মুহূর্তটি ধারণ করেছি। সত্যিই অবিশ্বাস্য!

ভিডিওতে দেখা যায়, ম্যাচে না খেলা জিওভানি লো সেলসো মাঠে পড়ে থাকা ব্যানারটি তুলে নেন। বার্তাটি পড়ে তিনি সেটি দর্শকদের দিকে তুলে ধরেন। এরপর লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে ব্যানারটি হাতে নিয়ে উদযাপনে অংশ নেন। পরে লো সেলসো ব্যানারটি মাঠে বিছিয়ে দেন। সেই মুহূর্তের ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই জানতে চান, ব্যানারটি কোথা থেকে এসেছে। পরে একজন একটি ছবি প্রকাশ করে দাবি করেন, এটি একটি হোটেলের বেডের (শয্যা) চাদরের অংশ থেকে তৈরি করা হয়েছিল।

তিনি লেখেন, ‘আমার ভাবির এক আত্মীয় এটি এঁকেছেন। এটি আসলে হোটেলের একটি চাদরের অংশ।’  প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই সাম্প্রতিক এক বক্তব্যে জাতীয় দলের এই উদযাপনার সমালোচনা করেন। তার ভাষায়, এটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ‘বিচক্ষণ সিদ্ধান্ত ছিল না’ এবং ‘অপ্রয়োজনীয় পদক্ষেপ’।

তিনি বলেন, ফুটবলকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয় এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবি আর্জেন্টিনা কূটনৈতিক উপায়েই এগিয়ে নেবে।

সেই ঘটনার পর ফিফা বিষয়টি তদন্ত শুরু করেছে। সংস্থাটি খতিয়ে দেখছে, খেলোয়াড়দের এই ব্যানার প্রদর্শন ফিফার রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক প্রদর্শন নিষিদ্ধসংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করেছে কি না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন