সমালোচনার মাঝেও ইনফান্তিনোর প্রতি আস্থা মধ্যপ্রাচ্যের দেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৫১, ৩ আগস্ট ২০২৬

সমালোচনার মাঝেও ইনফান্তিনোর প্রতি আস্থা মধ্যপ্রাচ্যের দেশের

জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

চরম দুঃসময় পার করছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজ অঞ্চল ইউরোপের বেশিরভাগ দেশের বোর্ডই ইনফান্তিনোকে আর ফিফা সভাপতি হিসেবে চায় না। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফুটবল অ্যাসোসিয়েশন পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর। প্রতিবেদন গোল ডটকমের। 

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পুনরায় আস্থা প্রকাশ করেছে ইউএই। একই সঙ্গে জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর স্বার্থ রক্ষায় নেয়া সব ইতিবাচক উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছে তারা।

ফিফা সম্প্রতি তাদের বিভিন্ন টুর্নামেন্টের, বিশেষ করে বিশ্বকাপের, বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাব থেকে সরে আসে। এই সিদ্ধান্তের পরই ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানায়।

বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। ইউরোপের বিভিন্ন মহল এর বিরোধিতা করে এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বকাপ বয়কটের ঘোষণাও দেয়।

ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন সংস্থাটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, এই প্রকল্প বাতিলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য অটুট থাকবে এবং ফুটবলের সার্বিক স্বার্থ রক্ষা হবে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো নতুন প্রস্তাব ফুটবল, সমর্থক এবং সংশ্লিষ্ট সব পক্ষের কল্যাণ বিবেচনায় নিয়ে সুচিন্তিতভাবে মূল্যায়নের আহ্বান জানানো হয়।

শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান বলেন, আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন এবং বিশ্ব ফুটবল পরিবারকে আরও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে গৃহীত সব গঠনমূলক উদ্যোগ ও প্রস্তাবের প্রতি ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন সমর্থন অব্যাহত রাখবে। বিবৃতির শেষাংশে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন