ডারউইনের আকাশে উড়াল দেয়া বাংলাদেশের গল্প দেখুন ছবিতে 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:১১, ১৩ আগস্ট ২০২৬

ডারউইনের আকাশে উড়াল দেয়া বাংলাদেশের গল্প দেখুন ছবিতে 

২৩ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটিকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

২৩ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটিকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পেসারদের দুর্দান্ত বোলিং আর ব্যাটারদের আত্মবিশ্বাসী শুরুর দিনে ইতিহাস গড়ার স্বপ্নও যেন আরও উজ্জ্বল হয়েছে। ডারউইনের সেই স্মরণীয় দিনের গল্প দেখুন ছবিতে ছবিতে।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের।

 সাদা পোশাকের পরাশক্তিদের ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিয়েছে লাল সবুজরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও মমিনুল হকের ব্যাটে দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। 

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান, অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ড্রাইভিং সিটে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।

 হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেটে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। ২০০ রানের আগেই গুটিয়ে যায় টেস্টের পরাশক্তিরা। 

একপ্রান্ত আগলে রেখে স্বাগতিকদের কিছুটা স্বস্তি দেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। ১০৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রানে থামে স্মিথের ইনিংস।

প্রথম ইনিংসে ব্যাট হাতেও দারুণ জবাব দেয় বাংলাদেশ। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২০ রানে কাটা পরেন সাদমান ইসলাম।

দ্বিতীয় উইকেটে সাবলীল ব্যাটিং করে যান তানজিদ ও মমিনুল হক। তাদের খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি বিশ্বের অন্যতম আগ্রাসী পেসত্রয়ী মিচেল স্টার্ক-প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। 

প্রথম দিন শেষ করার আগে দুজনে মিলে গড়েন ৬০ রানের জুটি। ৩৫ রানে মমিনুল আর ৩২ রানে অপরাজিত রয়েছেন তানজিদ। দ্বিতীয় দিন নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে লিডের পথেই এগোবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে ৫টি হেরেছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয়টি ২০১৭ সালে মিরপুরের মাঠে। টাইগারদের সামনে এবার সুযোগ অজিদের মাটিতেও নতুন ইতিহাস গড়ার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন