অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:৪৪, ১৭ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে চান মিরাজ

ছবি: সংগৃহীত

স্বপ্ন দেখলে বড় করেই দেখতে হয়—এই মন্ত্রেই এখন উজ্জীবিত বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন দলের অন্যতম ভরসা ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আইসিসির ওয়েবসাইটকে এই স্বপ্নের কথা জানান তিনি। এই সিরিজ জয় নিশ্চিত করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে বাংলাদেশের জন্য।

২৮ বছর বয়সী এই অলরাউন্ডার এরপর বলেন, ‘যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। (তবে) টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এ মুহূর্তে আমরা শুধু ছান্দসিক ধারাটা ধরে রাখতে চাই, আর পরের ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করব পরে।’

 

ডারউইন টেস্টের জয়ে বল ও ব্যাট—উভয় বিভাগেই দারুণ অবদান রেখেছেন মিরাজ। প্রথম ইনিংসে টেলএন্ডারদের নিয়ে লড়াই করে ফিফটি হাঁকানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। মিরাজের দুর্দান্ত এ পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ইনিংসে ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করলেও ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া পেসার হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া সফরের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে হেরেছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পেছনে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন মিরাজ। তিনি জানান, মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টিম ম্যানেজার নাফিস ইকবাল ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ দলের প্রতিটি ক্রিকেটারের মনে জয়ের বিশ্বাস জুগিয়েছিলেন।

মিরাজের ভাষায়, ‘যখন আমি নিজেই ছন্দে ছিলাম না, তখন আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবাল এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে আমাকে দারুণ উৎসাহ জুগিয়েছেন। মানসিকভাবে আমি বেশ স্বস্তিতে ছিলাম এবং তাঁর সঙ্গে অনেক কথা বলেছি। একপর্যায়ে তিনি নেটেও আমাকে বল করেন।’

‘মুশতাক আহমেদ ভাইয়ের কথাও আমি বলতে চাই। প্রথম ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) হেরে যাওয়ার পর তিনি দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে গেছেন এবং বলেছেন, “বিশ্বাস রাখো। যদি তোমরা বিশ্বাস করো, তবে জেতা সম্ভব এবং বিশ্বাস অনেক দূর নিয়ে যেতে পারবে।” এই ছোট ছোট বিষয়গুলো থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করি আর আপনারা সবাই ফল দেখতে পাচ্ছেন।’- যোগ করেন মিরাজ

 

ম্যাকাই টেস্টে জয় তুলে নিতে পারলে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা সেই ইতিহাস গড়তে পারবে কি না, , সেটি সময় হলেই জানা যাবে। তবে অস্ট্রেলিয়া সফরে নাজমুল হোসেন শান্তর দলের আপাতত একটি বিষয় নিশ্চিত। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ হারছে না বাংলাদেশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন