সমর্থকদের সামনে নয়, ঘরোয়াভাবে নতুন খেলোয়াড়দের বরণ করবে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৫২, ১৭ আগস্ট ২০২৬
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদে এবার বদলে যাচ্ছে নতুন খেলোয়াড় বরণের দীর্ঘদিনের ঐতিহ্য। অন্তত চলতি মৌসুমের শুরুতে নতুন ছয় খেলোয়াড়কে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে না স্প্যানিশ জায়ান্টরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর বরাত দিয়ে জানা গেছে, নতুন খেলোয়াড়দের জন্য এবার অপেক্ষাকৃত সাদামাটা ও ব্যক্তিগত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিটি নতুন সদস্যকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। চাইলে খেলোয়াড়দের সঙ্গে তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও থাকতে পারবেন।
পুরো আয়োজনই হবে রুদ্ধদ্বার। সেখানে সমর্থক কিংবা সংবাদমাধ্যমের উপস্থিতি থাকবে না। ক্লাবের পক্ষ থেকে আয়োজনগুলোকে ‘সাধারণ ও পারিবারিক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনকি নতুন খেলোয়াড়দের জন্য প্রচলিত সংবাদ সম্মেলনেরও কোনো পরিকল্পনা নেই।
রিয়াল মাদ্রিদের জন্য এটি বেশ বড় পরিবর্তন। কারণ বছরের পর বছর ধরে ক্লাবটির বড় তারকাদের সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে হাজার হাজার সমর্থকের সামনে উপস্থাপন করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে স্মরণীয় উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর রোনালদোর উপস্থাপনা দেখতে প্রায় ৮০ হাজার সমর্থক সান্তিয়াগো বার্নাব্যুতে হাজির হয়েছিলেন। মাদ্রিদে যোগ দেওয়া আরও অনেক তারকার ক্ষেত্রেও আয়োজন করা হয়েছে বিশাল জনসমাগমের অনুষ্ঠান।
তবে এবার সেই পথে হাঁটছে না রিয়াল। নতুন মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী রাখাই ক্লাবের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
জার্মানিতে শেষ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শালকে ০৪-কে ৩-০ গোলে হারানোর পর সোমবার খেলোয়াড়দের একদিনের ছুটি দেওয়া হয়েছিল। মঙ্গলবার থেকে আবার অনুশীলনে ফিরেছে দলটি। আগামী শনিবার কর্নেয়ায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ।
এরই মধ্যে কোচ হোসে মরিনিও দলের সঙ্গে কাজ করছেন। আর ক্লাব কর্তৃপক্ষ নতুন খেলোয়াড়দের জন্য আলাদাভাবে স্বাগত আয়োজন করবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে ফ্লোরেন্তিনো পেরেজও কয়েকজন খেলোয়াড় ও তাদের পরিবারের সঙ্গে আলোচনার পর প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাবেন।



