বিয়ে করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসে, পাত্রী কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:১০, ১৯ আগস্ট ২০২৬
২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস । ছবি: সংগৃহীত
বৈশ্বিক ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের এই বিশ্বসেরা ডিফেন্ডারের বিয়ের খবরের পাশাপাশি তার জীবনসঙ্গিনীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মাঝে।
রবার্তো কার্লোসের জীবনসঙ্গিনী বা পাত্রী হলেন স্পেনের মরক্কো বংশোদ্ভূত সৌহাইলা এল তাহিরি। পেশাগতভাবে তিনি ফুটবলের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত এবং একজন ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট। ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন ফুটবলার ও ক্লাবের সাথে কাজ করার সূত্রে কার্লোসের সাথে তার পরিচয় হয়, যা পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। দুজনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট এই জুটির বিয়ের ছবিগুলো সামনে আসলেও মূলত গত ২৫ জুলাই পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। মরক্কো বা উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সাথে সম্পৃক্ততার এই বিষয়টিও গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে।
এদিকে তুরস্কের গণমাধ্যমের খবর, ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কালোর্স। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন।
সেখানে তিনি জানান, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সাথে তার বৈঠক হয়েছে। এমপি আলী শাহিনের দাবি অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাকে বলেছেন যে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সাথে যোগাযোগ রাখছিলেন এবং ঘটনার প্রায় চার সপ্তাহ আগে তিনি সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এই দাবির পরই খবরটি দাবানলের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস কিংবা তার কোনো অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম বা মুখপাত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ইসলাম গ্রহণের খবরের পক্ষে কোনো রকম নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
গোল ডট কম এবং ডেইলি সাবাহর মতো আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলো জানিয়েছে যে, পুরো বিষয়টি মূলত তুর্কি এমপি ও স্থানীয় ব্রাজিলীয় ইসলামিক স্কলারের দাবির ওপর ভিত্তি করে ছড়াচ্ছে। যেহেতু স্বয়ং খেলোয়াড় নিজে এখনো এ বিষয়ে মুখ খোলেননি, তাই এটিকে শতভাগ নিশ্চিত বা পরীক্ষিত সত্য হিসেবে বলার সময় এখনো আসেনি।
সাফল্যে পূর্ণ রবার্তো কার্লোসের ফুটবল ক্যারিয়ার। ব্রাজিল জার্সিতে জিতেছেন ২০০২ বিশ্বকাপ, আগের আসরে রানার্সআপ। রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ উৎসব করেছেন। ফুটবল মাঠে গতিময় ফ্রি-কিক ও দুর্দান্ত সাফল্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত কার্লোসের এই নতুন অধ্যায় তাঁর ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।



