বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:১২, ১৯ আগস্ট ২০২৬

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

লিওনেল মেসি

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হয়োস জানিয়েছেন, ক্লাবে ফেরার পর আর্জেন্টাইন তারকাকে এখন বেশ ভালোই দেখাচ্ছে এবং মাঠে তাকে মানসিকভাবে শান্ত মনে হচ্ছে। ইএসপিএন

মেসির বাবা হোর্হে মেসি গত ৮ আগস্ট দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোজারিওর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বাবার মৃত্যুর পর মেসির ইন্টার মায়ামিতে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত ক্লাবের কার্যক্রমে ফেরেন তিনি।

১২ আগস্ট লিগস কাপের ম্যাচে লিওনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। নু স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। মেসির ব্যক্তিগত পরিস্থিতির কথা বিবেচনা করে তার গোপনীয়তা রক্ষায় সমর্থকদের বিশেষ অনুরোধও জানানো হয়।

মেসির বর্তমান মানসিক অবস্থা নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেন, তাকে ভালোই দেখাচ্ছে। মাঠে সে নিজের স্বাভাবিক খেলাটা খেলছে যে জায়গাটি সে খুব ভালোভাবে চেনে এবং তাকে শান্ত মনে হচ্ছে।

মেসির ক্লাবে ফিরে আসা নিয়ে দলের ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোও তার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, সে দারুণ একটি উদাহরণ তৈরি করেছে। সবকিছুর পরও সে নিশ্চয়ই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু শুধু খেলোয়াড়দের জন্য নয়, ক্লাবের প্রতিও সে যে প্রতিশ্রুতি দেখিয়েছে, তা অবিশ্বাস্য। আমার জীবনে এরকম কিছু কখনো দেখিনি।

ক্যাসেমিরো আরও বলেন, আমাদের তাকে ধন্যবাদ জানানো উচিত এখানে আসার জন্য ধন্যবাদ, আমাদের সাহায্য করার জন্য এবং ক্লাবকে সাহায্য করার জন্য ধন্যবাদ।

লিগস কাপে লিওনের বিপক্ষে ম্যাচের পর গত শনিবার জিওডিস পার্কে ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ৪-১ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে মেসিকে শুরুর একাদশে রাখা হয়। বুধবার রাতে আবারও মাঠে নামতে যাচ্ছে মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মেসিকে দেখা যেতে পারে।

তবে ম্যাচের ঘনঘন সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হয়োস। খেলোয়াড়দের ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ না দেয়ায় বর্তমান সূচিকে তিনি কঠিন বলে মনে করছেন।

হয়োস বলেন, আমার মনে হয় খেলোয়াড়দের প্রায়ই অতিরিক্ত ব্যবহার করা হয়। তাদের ওপর অনেক বেশি চাপ দেয়া হয়, কারণ ম্যাচের পর পর্যাপ্ত পুনরুদ্ধারের সময় প্রায়ই থাকে না। এর সঙ্গে ভ্রমণ, ম্যাচের সূচি এবং গরম আবহাওয়ার বিষয়ও রয়েছে। যেমন এই মুহূর্তে আর্দ্রতা ৮৭ শতাংশ।

তিনি আরও বলেন, খেলোয়াড়রা যেভাবে নিজেদের উজাড় করে দেয়, তা প্রায় পাগলামির মতো। তাদের দৃঢ় সংকল্প সত্যিই প্রশংসনীয়। কিন্তু খেলাধুলার মান আরও উন্নত করতে হলে এই বিষয়টির সমাধান করা প্রয়োজন।

আগস্টে এখন পর্যন্ত এমএলএসের নিয়মিত মৌসুম ও লিগস কাপ মিলিয়ে পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি হবে এ মাসে তাদের ষষ্ঠ প্রতিযোগিতামূলক ম্যাচ।

চোটের কারণেও দলটি বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। জার্মান বেরেতেরামে, মাতেও সিলভেত্তি, তাদেও আলেন্দে এবং মিকায়েল এখনো নির্বাচনের জন্য এভেইলেবল নন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন