রুবেলের ৩, সাকলাইনের ৪ উইকেটের পর আরিফুলের ফিফটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:২৯, ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দল। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল। বাংলাদেশের দলটির জয়রথ থামিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। ২১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল।ডারউইনে আগে ব্যাটিংয়ে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ৯ উইকেটে ১৬৪ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ এইচপি একাদশ ১৪৩ রানের বেশি করতে পারেনি।
বাংলাদেশের বোলিংয়ে আলো ছড়িয়েছেন স্পিনার রুবেল। আগের ৩ ম্যাচে ১১ উইকেট পাওয়া ডানহাতি স্পিনার এই ম্যাচে ৩০ রানে ৩ উইকেট নেন। দলের সেরা বোলার ছিলেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। ২১ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার। এছাড়া ১টি করে উইকেট নেন আবু হায়দার ও রাকিবুল হাসান।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে তিনজন ব্যাটসম্যান ত্রিশের ঘরে রান করেছেন। থমাস কেলি করেন সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া হেনরি হান্ট ৩৫ ও নোয়া ম্যাকফাইডেনের ব্যাট থেকে ৩১ রান করেন।
১২০ বলে ১৬৫ রানের টার্গেট খুব বড় ছিল না। কিন্তু শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় এইচপি দল। ইনিংসের প্রথম বলে আউট হন জিসান আলম। হাবিবুর রহমান সোহান ১৮ বলে করেন ২৩ রান। হাসেনি সাব্বির রহমান (৬), ইরফান শুক্কুর (৫) ও শামীম হোসেনের (১৮) ব্যাট।
দেয়াল হয়ে দাঁড়িয়ে একাই লড়াই করেন আরিফুল ইসলাম। তুলে নেন ব্যক্তিগত অর্ধশত রান। কিন্তু সঙ্গীর অভাবে উইকেট আগলে রেখে ধীর গতিতে এগোতে হয়েছে তার ইনিংস। ৫৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন আরিফুল। শেষ দিকে প্রয়োজনমত রান তুলতে না পারায় বড় হারকে সঙ্গী করতে হয়েছে এইচপি দলকে।
অ্যাডিলেডের হয়ে লাচলান বাঙ্গস ২৯ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন হেনরি থর্টন ও ওয়াহেগুরু ডিলন।



