এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৪৭, ২৭ আগস্ট ২০২৬
গতরাতে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত
মাদ্রিদের রাতটা ছিল কিলিয়ান এমবাপ্পের। সান্তিয়াগো বার্নাব্যুতে ফরাসি তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ পেল দাপুটে জয়। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল রিয়াল। সপ্তম মিনিটেই ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পের শট অবশ্য আটকে দেন সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। কিছুক্ষণ পর সোসিয়েদাদের মিকেল ওয়ারসাবালও সুযোগ পেয়েছিলেন, তবে রিয়ালের শেষ ভরসা থিবো কোর্তোয়া তা রুখে দেন।
প্রথমার্ধের শেষদিকে জমে ওঠে লড়াই। ৪০ মিনিটে নিজের অর্ধ থেকে বল এগিয়ে নিয়ে দুই প্রতিপক্ষকে কাটিয়ে আক্রমণ তৈরি করেন ফেদেরিকো ভালভার্দে। তার পাস পেয়ে প্রথম স্পর্শেই প্রতিপক্ষকে পেছনে ফেলে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।
তবে বিরতির আগে সমতা ফেরায় সোসিয়েদাদ। ৪৪ মিনিটে ওচিয়েংয়ের শট কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল কাজে লাগান লুকা সুসিচ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৬০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় আবারও গোলের দেখা পান এমবাপ্পে। ওয়ান-টু খেলে বল নিয়ে ডান পায়ের নিখুঁত শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন তিনি।
আট মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস। বক্সের কাছে বল ফিরে পেয়ে বেলিংহাম দ্রুত তা বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত করেন ভিনিসিয়ুস।
এরপরও থামেননি এমবাপ্পে। ৮০ মিনিটে ভিনিসিয়ুসের বুদ্ধিদীপ্ত পাস ধরে সামনে এগিয়ে আসা রেমিরোর ওপর দিয়ে বল তুলে দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
শেষ মুহূর্তে ব্রাহিম দিয়াজের গোলেও বার্নাব্যুতে আবার উল্লাস উঠেছিল। তবে ভিএআরের পর অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
এই জয়ে লা লিগায় দুই ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬। অন্যদিকে টানা দুই হারে মৌসুম শুরু করেছে রিয়াল সোসিয়েদাদ। আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ তাদের।
রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী রোববার নবাগত মালাগার বিপক্ষে। তার আগে বৃহস্পতিবার মোনাকোয় হবে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। পট ওয়ানে থাকা রিয়াল অপেক্ষা করছে নিজেদের ইউরোপীয় অভিযানের প্রতিপক্ষ জানার জন্য।



