বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে আশার আলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:১৫, ২৮ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হচ্ছে না, এমনই ইঙ্গিত মিলছে আগেই। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন সামনে এসেছে আগামী বছরের জানুয়ারি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সফরের নতুন সময়সূচি নিয়ে বিসিসিআই ও ভারতের সরকারের মধ্যে আলোচনা চলছে।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্রটির ভাষ্য অনুযায়ী, জানুয়ারিতে বাংলাদেশ–ভারত সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

ভারতের এই সফর প্রথমে ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে নেওয়া হয়। বিসিবি জানিয়েছিল, সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এখনো সফর নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনও এই সফরের অনিশ্চয়তার অন্যতম কারণ। গত জানুয়ারিতে ভারতের সফর নিয়ে বিসিবির ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েও দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছিল।

এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি সেই দাবি মেনে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে কিছুটা ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর সম্পর্ক উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ভারত সফরে গিয়ে তিনি বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও পরিদর্শন করেছেন।

সব মিলিয়ে সেপ্টেম্বরে সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা কমে এলেও জানুয়ারিকে সম্ভাব্য নতুন সময় হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিসিআই ও ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন