মায়ামির কোচ বদলে মেসির হাত? গুঞ্জনে যা বললেন বিদায়ী কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৪৯, ২৯ আগস্ট ২০২৬

মায়ামির কোচ বদলে মেসির হাত? গুঞ্জনে যা বললেন বিদায়ী কোচ

লিও মেসি। ছবি: সংগৃহীত

ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা ইন্টার মায়ামি এবার ডাগআউটে পরিবর্তন এনেছে। গুইলেরমো হোয়োসের জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেজ। নতুন কোচ নিয়োগে লিওনেল মেসির প্রভাব ছিল; এমন আলোচনা উঠলেও তা সরাসরি নাকচ করেছেন হোয়োস। তার দাবি, গঞ্জালেজকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষই।

ইন্টার মায়ামির কোচ বদলের খবর প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে আসে মেসির নাম। আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন কোচের পুরোনো সম্পর্ক থাকায় গুঞ্জনও জোরালো হয়। তবে মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ হোয়োস জানিয়েছেন, গঞ্জালেজকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মেসির কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের দায়িত্ব নেবেন গঞ্জালেজ। ততদিন পর্যন্ত দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হোয়োস।

শুক্রবার সকালে হোয়োসকে প্রশ্ন করা হয়, গঞ্জালেজকে কোচ করার সিদ্ধান্তে মেসির কোনো ভূমিকা ছিল কি না। জবাবে তিনি বলেন, ‘না, না। গঞ্জালেজকে নিয়োগের ভাবনা মেসির ছিল না। এটি প্রতিষ্ঠানের (ক্লাবের) সিদ্ধান্ত।’

তবে মেসির প্রভাব যে ক্লাবের ভেতরে নেই, এমনটা বলেননি হোয়োস। বরং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসির মতামতের গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি। তাঁর ভাষায়, ‘মেসির মতো ব্যক্তিত্ব ও সেরা খেলোয়াড়দের কাছ থেকে যেমন প্রভাব আশা করা হয়, তাঁরও তেমন প্রভাব রয়েছে। আমার মনে হয়, অন্য জায়গাতেও এমনটাই হয়ে থাকে।’

এ প্রসঙ্গে আর্জেন্টিনার আরেক ক্লাব বোকা জুনিয়র্সের উদাহরণও টানেন হোয়োস। সেখানে অভিজ্ঞ খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেসের মতো ফুটবলারের মতামতও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি। কোচ থাকবেন নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন, এ ধরনের সিদ্ধান্তে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মতামতের মূল্য থাকার বিষয়টিই বোঝাতে চেয়েছেন হোয়োস।

মেসি ও গঞ্জালেজের সম্পর্ক অবশ্য নতুন নয়। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একসময় তারা সতীর্থ ছিলেন। ২০০৫ সালে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একসঙ্গে মাঠেও নেমেছিলেন দুজন। এবার অবশ্য একই দলের হয়ে নয়, ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাঁদের।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন