মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল, লেভানদোভস্কির গোলেও জয় পেল না শিকাগো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১:২৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল, লেভানদোভস্কির গোলেও জয় পেল না শিকাগো

গোলের পর কাসেমিরোর সাথে মেসিদের উল্লাস। ছবি- সংগৃহীত

শুরুতেই লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল শিকাগো ফায়ার। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে কাসেমিরোর হেডে সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর আর গোল না হওয়ায় দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।

এমএলএসে বুধবার ঘরের মাঠে দারুণ ছন্দে ম্যাচ শুরু করেছিল শিকাগো। মাত্র ১০ মিনিটেই গোল পেয়ে যায় তারা। অ্যান্ড্রু গুটম্যান মায়ামির ইয়ান ফ্রের দিক পরিবর্তন করে জায়গা তৈরি করে ক্রস বাড়ান। সেখান থেকে উঁচু করে পা তুলে বল জালে পাঠান ৩৮ বছর বয়সী রবার্ট লেভানদোভস্কি। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন পোলিশ স্ট্রাইকার। নয় ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

পিছিয়ে পড়ে প্রথমার্ধেই সমতায় ফেরার চেষ্টা করে মায়ামি। ২৩ মিনিটে দূরপাল্লার শটে মেসি অবশ্য শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডিকে পরীক্ষা নেন, তবে সফল হননি। ৪১ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফেরে মায়ামি। ৪৮ মিনিটে মেসির নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এটি টানা তৃতীয় ম্যাচে গোল।

কাসেমিরোর গোলের ঠিক আগেই বড় বিপদ সামাল দিয়েছিল শিকাগো। জার্মান বেরেতেরেমের শট গোলমুখে ঢোকার মুহূর্তে দারুণ ক্লিয়ারেন্সে দলকে বাঁচান নোয়া অ্যালেন। কাকতালীয়ভাবে গত সপ্তাহেই ধারে শিকাগোতে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। এর আগে মায়ামির হয়ে লিগে ৯০টি ম্যাচ খেলেছেন তিনি।সমতার পর দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কেউ ব্যবধান গড়তে পারেনি।

এই ড্রয়ে টানা চার ম্যাচ সমতায় শেষ করল শিকাগো। পাশাপাশি টানা সাত ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্বও ধরে রাখল তারা। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানেই আছে শিকাগো।

অন্যদিকে মায়ামির সাম্প্রতিক ফর্মটা স্বস্তির নয়। গত সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। বাকি ম্যাচগুলোর দুটিতে হার ও চারটিতে ড্র। অবশ্য ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের ওপরের সারিতেই রয়েছে মেসির দল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন