এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগে বাবা হারালেন বার্সেলোনা কোচ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: ২০:১৭, ১১ মে ২০২৬
বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ছবি: সংগৃহীত
এল ক্লাসিকোর মাত্র কয়েক ঘণ্টা আগে এক শোকাবহ ঘটনার মুখোমুখি হয়েছে বার্সেলোনা। দলটির জার্মান কোচ হানসি ফ্লিকের বাবা মারা গেছেন।
অথচ রোববার (১০ মে) স্পটিফাই ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় তুলে নিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করার সম্ভাবনায় ক্লাবজুড়ে ছিল ব্যাপক উচ্ছ্বাস। তবে সেই আনন্দঘন পরিবেশ এখন শোকে স্তব্ধ। কাতালান ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোরে ফ্লিকের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনা এবং সমগ্র ব্লাউগ্রানা পরিবার হানসি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তার শোক ভাগ করে নিচ্ছি। এই কঠিন সময়ে তার ও তার পরিবারের পাশে রয়েছি।’
ফ্লিক ভোরেই বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফদের এ দুঃসংবাদ জানান। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, বাবার মৃত্যুশোক নিয়েই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে দলের ডাগআউটে থাকবেন।
ম্যাচের পর জার্মানিতে বিমানে চড়বেন ফ্লিক। তবে আপাতত এল ক্লাসিকোর জন্য কাতালুনিয়াতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বার্সেলোনার ফুটবলারদের কাছে ফ্লিক অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। তাই রোববারের ম্যাচে জয় তুলে নিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করার জন্য খেলোয়াড়রা এখন আরও বেশি অনুপ্রাণিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ফ্লিক এবং তার প্রয়াত বাবাকে উপযুক্ত শ্রদ্ধা জানাতে পারবে তারা।
এদিকে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেকে এই ম্যাচে পাচ্ছে না দলটি। শনিবারের (৯ মে) অনুশীলনে অস্বস্তি অনুভব করায় আলভারো আরবেলোয়ার দলের সঙ্গে বার্সেলোনায় যাননি এই ফরাসি ফরোয়ার্ড।



