ব্রাজিলিয়ান গণমাধ্যম
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমার, এস্তেভাও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪৬, ১০ মে ২০২৬
এস্তেভাও, নেইমার
ফিফা বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। কয়েকদিনের মধ্যেই ঘোষণা করতে হবে প্রাথমিক স্কোয়াড। আগামী সোমবার (১১ মে) ফিফার কাছে জমা দেয়ার জন্য ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে ব্রাজিল। সাংবাদিক দিয়োগো দান্তোসের বরাতে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর দাবি, সেই তালিকায় থাকছেন নেইমার জুনিয়র আর চোটাক্রান্ত এস্তেভাও।
প্রাথমিক স্কোয়াডে থাকলেও ২৬ জনের চূড়ান্ত দলে নেইমারের থাকা বেশ কঠিন। আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, প্রস্তুতি পর্বে নেইমার যদি নিজের ফিটনেসে উন্নতি দেখাতে পারেন, তাহলে ৩৪ বছর বয়সী এই তারকাকে বিশ্বকাপ দলে নেয়া হতে পারে। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সূত্রে জানা গেছে, বিষয়টি এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, চোটের কারণে রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও ও রদ্রিগোর বিশ্বকাপ থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত। তাদের শারীরিক অবস্থা বিশ্বকাপের আগেই পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা নেই। নতুন করে আরও কেউ চোটে পড়তে পারেন, এমন আশঙ্কায় সামনের ম্যাচগুলো ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে কোচিং স্টাফ।
ফিফার নিয়ম অনুযায়ী, নিশ্চিত চোট থাকলে প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে অন্য খেলোয়াড়কে বদলি হিসেবে নেয়া যায়। গোলরক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
এস্তেভাও সময়মতো সুস্থ হয়ে উঠতে না পারলে সেই নিয়মের আওতায় বদলি খেলোয়াড় নেয়া হবে। সেক্ষেত্রে আনচেলত্তিকে আগে থেকেই ফিফায় জমা দেওয়া ৫৫ সদস্যের তালিকা থেকেই বিকল্প বেছে নিতে হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন রায়ান ও এন্দ্রিক। তবে লুইজ হেনরিকের জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।
তবে সিবিএফের আশা, পালমেইরাসে চিকিৎসাধীন এস্তেভাও বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তার শারীরিক অবস্থার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। প্রয়োজনে পরে বদলি করার পরিকল্পনাও বিবেচনায় রাখা হচ্ছে।



