Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

চ্যাম্পিয়নস লিগে নির্ভুল সুপারকম্পিউটার বিশ্বকাপের শিরোপা স্পেনের হাতে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১:৪৩, ২ জুন ২০২৬

চ্যাম্পিয়নস লিগে নির্ভুল সুপারকম্পিউটার বিশ্বকাপের শিরোপা স্পেনের হাতে

ফুটবল ও বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

সবশেষ চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিরোপা জিতবে বলে নির্ভুল ভবিষ্যদ্বাণী দিয়েছিল ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা।  এবার আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর আগেও সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের সুপারকম্পিউটারের ১০ হাজার সিমুলেশনে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, ফলে আসন্ন বিশ্বকাপের প্রধান ফেবারিট হিসেবে দেখা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।

অপটার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। এরপরই রয়েছে ফ্রান্স (১৩ শতাংশ), ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)। এই চার দলকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছে সুপারকম্পিউটার।

স্পেনের পক্ষে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে তরুণ তারকা লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালের মতো ফুটবলাররা। ইউরো ২০২৪ জয়ের পর থেকে ধারাবাহিক ভালো পারফরম্যান্সও তাদের এগিয়ে রেখেছে।

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে অপটা।

শিরোপার লড়াইয়ে দ্বিতীয় সারির শক্তিশালী দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উল্লেখ করা হয়েছে। অপটার মতে, পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ এবং জার্মানির ৫.১ শতাংশ।

বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে প্রতিযোগিতাটি। আগামী ১১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের, আর ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এবারের বিশ্বকাপে চারটি দেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে; কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অন্যদিকে ইতালি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র অনুপস্থিত দল তারাই।

অপটার পূর্বাভাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সম্ভাবনা তুলনামূলক কম দেখা হলেও নিজেদের মাঠে তারা চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সুপারকম্পিউটারের চোখে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন স্পেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন