মেসির চোটের সবশেষ অবস্থা জানালেন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:২৯, ২৫ মে ২০২৬
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে চোট শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার রোমাঞ্চকর ১০ গোলের ম্যাচ চলাকালে বদলির আবেদন করে মাঠ ছাড়েন তিনি। এতে বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়।
রোববার (২৪ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে এনইউ স্টেডিয়ামে ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎই ডাগআউটের দিকে ইশারা করেন মেসি। ফ্রি-কিক নেয়ার কিছুক্ষণ পরই তাকে বাম উরুর ওপরের অংশ চেপে ধরতে দেখা যায়। এরপর সরাসরি ড্রেসিংরুমে চলে যান ৩৮ বছর বয়সী এই তারকা।
যদিও কারও সহায়তা ছাড়াই হেঁটে মাঠ ছাড়েন মেসি, তবে সময়টা আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী জুনের মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই মেসির যেকোনো পেশির চোটের আশঙ্কাই দুশ্চিন্তা বাড়াচ্ছে সমর্থক ও দলীয় শিবিরে।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেন ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হয়েস। তিনি জানান, এটি গুরুতর কোনো চোট নয়, বরং সতর্কতামূলক সিদ্ধান্ত ছিল।
হোয়োস বলেন, ‘এখনও আমরা কোনো মেডিকেল রিপোর্ট পাইনি। তবে সে বেশ ক্লান্ত ছিল। মাঠও খুব বেশি ভাল ছিল না। তাই ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
বিশ্বকাপ উপলক্ষে এমএলএসে এখন থেকে বিরতি চলবে। তাই সবার নজর এখন মেসির শারীরিক অবস্থার দিকে। এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’-র ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে তারা।



