Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

লুইস সুয়ারেজ ও ব্রাজিল বিশ্বকাপের নায়ককে নিয়ে স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:৪৫, ২৬ মে ২০২৬

লুইস সুয়ারেজ ও ব্রাজিল বিশ্বকাপের নায়ককে নিয়ে স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার

বিশ্বকাপে কলম্বিয়ার বড় ভরসা জেমস রদ্রিগেজ-লুইস দিয়াজ জুটি। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কলম্বিয়া। দলে অধিনায়ক হিসেবে রয়েছেন ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে দেশটির নায়কে পরিণত হওয়া জেমস রদ্রিগেজ। তবে চমক হিসেবে দল থেকে বাদ পড়েছেন সাবেক অ্যাস্টন ভিলা স্ট্রাইকার জন দুরান। তার বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে স্পোর্টিং সিপির স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। খবর বেইন স্পোর্টসের। 

২০২২ সালের কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর এবার ফিফার সবচেয়ে বড় আসরে ফিরছে কলম্বিয়া। ২০২৪ কোপা আমেরিকায় রানার্সআপ হওয়ায় দলটি নিয়ে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। গ্রুপ ‘কে’-তে কলম্বিয়ার প্রতিপক্ষ উজবেকিস্তান, ডিআর কঙ্গো ও পর্তুগাল। দলে রয়েছে বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ ফুটবলার।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব মিনেসোটা ইউনাইটেডের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলার পর মে মাসে দল ছাড়লেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জেমস রদ্রিগেজ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সেই আসরেই বিশ্বকাপে কলম্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন রদ্রিগেজ।

এছাড়া ২০২৬ কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ সাতটি অ্যাসিস্ট করেছেন রদ্রিগেজ। ওই আসরে সাত গোল দেয়া বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজও আছেন স্কোয়াডে। দলে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেস জুটি ড্যানিয়েল মুনিয়োজ ও জেফারসন লেরমাও। তবে আল-নাসর থেকে ধারে রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলতে যাওয়া জন দুরানকে রাখা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।

দুরানের অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্ব দিতে পারেন স্পোর্টিং সিপির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ২০২৫-২৬ মৌসুমে পর্তুগিজ প্রিমেইরা লিগায় ৩২ ম্যাচে ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন তিনি।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: কামিলো ভার্গাস, ডেভিড ওসপিনা, আলভারো মনতেরো।
ডিফেন্ডার: ড্যানিয়েল মুনিয়োজ, সান্তিয়াগো আরিয়াস, ইয়েরি মিনা, ড্যাভিনসন সানচেজ, জন লুকুমি, উইলার ডিট্টা, ইয়োহান মোহিকা, ডেইভার মাচাদো।
মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, গুস্তাভো পুয়ের্তা, কেভিন কাস্তানো, জন আরিয়াস, জেমস রদ্রিগেজ, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হোর্হে কারাসকাল, হুয়ান কামিলো পোর্তিয়া।
ফরোয়ার্ড: লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস গোমেজ, জামিন্তন কাম্পাজ, জন কর্দোভা ও হুয়ান কামিলো হার্নান্দেজ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন