এবারের বিশ্বকাপে কপাল পুড়ল যেসব বড় তারকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৪০, ২৩ মে ২০২৬
বিশ্বকাপে নেই এস্তেভাও ও রদ্রিগো। ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন চরম উত্তেজনা। আগামী মাসে উত্তর আমেরিকায় বসতে যাওয়া ৪৮ দলের এই টুর্নামেন্টে বিশ্বের সেরা তারকারা অংশ নিলেও, ইনজুরি ও দল যোগ্যতা অর্জনে ব্যর্থতার কারণে অনেক বড় নামই এবার মাঠে দেখা যাবে না।
খাভিচা কাভারেৎস্খেলিয়া (জর্জিয়া)
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার খাভিচা কাভারেৎস্খেলিয়া এবার বিশ্বকাপে নেই। তার দেশ জর্জিয়া যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তিনি উত্তর আমেরিকার ফ্লাইট ধরতে পারছেন না। বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইয়ের এই উইঙ্গার ক্লাব পর্যায়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলের হয়ে বড় মঞ্চে বিশ্বকাপ খেলার সুযোগ এখনও হয়নি।
রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড)
পোল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লেভানডভস্কি এবারও বিশ্বকাপে নেই। মার্চে শেষ বাছাইপর্বের পর চোখে পানি নিয়ে মাঠ ছাড়েন তিনি, কারণ তার দেশ খুব কাছে গিয়েও ব্যর্থ হয়। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েও ইঙ্গিত দিয়েছেন, তবে এখনো চূড়ান্ত ঘোষণা দেননি।
দোনারুম্মা ও তোনালি
টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে ইতালি। ফলে জিয়ানলুইজি দোনারুম্মা ও স্যান্দ্রো তোনালির মতো তারকারাও এবারের আসরে অনুপস্থিত থাকছেন। ২০১৪ সালের পর আর বিশ্বকাপে না খেলা ইতালির এই ব্যর্থতাকে স্থানীয় মিডিয়া ‘বিশ্বকাপ অভিষাপ’ হিসেবে উল্লেখ করছে।
ওসিমেহন ও লুকম্যান
আফ্রিকার অন্যতম শক্তিশালী দল নাইজেরিয়াও এবার বিশ্বকাপে নেই। ফলে ভিক্টর ওসিমেহন এবং আদেমোলা লুকম্যানের মতো তারকাদের দেখা যাবে না। ডিআর কঙ্গোর বিপক্ষে প্লে-অফ শুটআউট হারের পর নাইজেরিয়ার স্বপ্ন ভেঙে যায়।
হুগো একতিকে
ফ্রান্সের হুগো একিতিকে অ্যাকিলিস টেন্ডন ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে। লিভারপুলে দুর্দান্ত ফর্মে থাকলেও বিশ্বকাপের আগেই তার স্বপ্ন শেষ হয়ে যায়।
এস্তেভাও ও রদ্রিগো
এস্তেভাও ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করছেন। একইভাবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগো গোয়েসও গুরুতর হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন।
আরও যারা নেই
নেদারল্যান্ডসের জাভি সিমনস ইনজুরির কারণে খেলতে পারছেন না আসন্ন বিশ্বকাপে। এছাড়া ক্যামেরুনের ব্রায়ান বিউমোও দল যোগ্যতা অর্জন করতে না পারায় টুর্নামেন্টে খেলতে পারবেন না।
এ ছাড়াও, ইনজুরির কারণে স্পেনের ফেরমিন লোপেজ, জার্মানির সার্জ গানাব্রির জায়গা হয়নি বিশ্বকাপে। দলে সুযোগ পাননি ইংল্যান্ডের কোলে পালমার ও ফিল ফোডেন। এছাড়া জাপানের তাকুমি মিনামিনো ও কাউরু মিতোমা এবং এবং ব্রাজিলের এদের মিলিতাও ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে অংশ নিতে পারছেন না।
তথ্যসূত্র: আল-জাজিরা



