Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮:৫০, ১০ মে ২০২৬

নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি

বার্সেলোনার লামিনে ইয়ামালকে নিজের প্রকৃত উত্তরসূরী হিসেবে আখ্যা দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন কিংবদন্তির মতে, ইয়ামাল ইতোমধ্যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, যা তাকে বিশ্ব ফুটবলের অন্য সবার চেয়ে আলাদা করে তুলেছে। প্রতিবেদন গোল ডটকমের

বিশ্বকাপজয়ী এই মহাতারকা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে তিনি ইয়ামালকেই দেখছেন। মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার খুব অল্প সময়েই ক্যাম্প ন্যুতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এমনকি মেসির কিংবদন্তিতুল্য ১০ নম্বর জার্সিটিও এখন তার গায়ে উঠেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে মেসি বলেন, ‘নতুন প্রজন্মে অনেক অসাধারণ ফুটবলার আছে এবং তাদের সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। কিন্তু যদি আমাকে একজনকে বেছে নিতে হয়... তার বয়স, এখন পর্যন্ত যা করেছে এবং ভবিষ্যতে যা করতে পারে; সব বিবেচনায় আমি লামিন ইয়ামালকেই বেছে নেব। আমার কাছে সে-ই সেরা।’

অসাধারণ বল নিয়ন্ত্রণ, দৃষ্টিনন্দন পাসিং এবং দুর্দান্ত বাঁ পায়ের শটে ইয়ামালের সঙ্গে দীর্ঘদিন ধরেই তরুণ মেসির তুলনা করা হচ্ছে। গত মৌসুমে ব্যালন ডি’অর র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় হওয়ার পর ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই স্প্যানিশ তারকা।

‘ওয়ান টু ওয়ান’ পরিস্থিতিতে ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার দক্ষতা অনেককেই মনে করিয়ে দেয় তরুণ বয়সের মেসিকে। তার পারফরম্যান্স বলছে, মেসি পরবর্তী যুগে বার্সার প্রধান তারকা হয়ে ওঠার সব রসদই তার মধ্যে রয়েছে। 

ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রশংসা পেলেও বর্তমানে কিছুটা কঠিন সময় পার করছেন ইয়ামাল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবুও হ্যান্সি ফ্লিকের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই বিবেচিত হচ্ছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে নিজের তৃতীয় লা লিগা শিরোপা জয়ের পথে রয়েছেন ইয়ামাল, যা তার বয়সে সত্যিই অবিশ্বাস্য এক অর্জন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাকে পুরোপুরি ফিট করে তুলতে কাজ করছে বার্সেলোনার মেডিকেল টিম।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন