হামজা-সমিতদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ব্রাজিলিয়ান, বেতন চান ৩২ লাখ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: ২০:৩৮, ১১ মে ২০২৬
ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ইউরো চ্যাম্পিয়নশিপে ওয়েলসকে ঐতিহাসিক সেমিফাইনালে তোলা এই কোচের সঙ্গে ইতিমধ্যে বাফুফের আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। তবে তাকে আনতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
বাফুফে সূত্রে জানা গেছে, কোলম্যান মাসিক ২৬ হাজার মার্কিন ডলার বেতন দাবি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা। নতুন কোচের দৌড়ে থাকা আরেক আলোচিত নাম ব্রাজিলের রোজারিও মিকেল। তিনি বেতন চেয়েছেন আরও বেশি, প্রায় ৩০ হাজার মার্কিন ডলার বা সাড়ে ৩০ লাখ টাকার কাছাকাছি।
জাতীয় দলের নতুন কোচ খুঁজতে গত ৮ এপ্রিল বিজ্ঞপ্তি দেয় বাফুফে। আবেদন জমা পড়েছিল প্রায় ২৭০টি। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেই তালিকা কমে এখন দাঁড়িয়েছে ১১ জনে। চূড়ান্ত এই শর্টলিস্টের সবাই বিদেশি কোচ। তাদের মধ্য থেকেই একজনের হাতে তুলে দেওয়া হবে হামজা চৌধুরীদের দায়িত্ব।
নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত আছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার পাশাপাশি চলছে বেতন, চুক্তির মেয়াদ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা।
কোলম্যান ও মিকেলের মতো অভিজ্ঞ কোচদের আনতে গেলে বাফুফেকে আগের তুলনায় প্রায় দ্বিগুণ খরচ করতে হবে। সদ্য বিদায়ী স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা মাসিক প্রায় ১৫ লাখ টাকা বেতন পেতেন। নতুন কোচের ক্ষেত্রে সেই অঙ্ক ৩০ লাখ টাকার ওপরে যেতে পারে।
এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে সরকারের সহায়তা চাইছে বাফুফে। এ নিয়ে বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকও করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। বিদেশি কোচ নিয়োগ ও জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকারের সহযোগিতার আশ্বাসও পেয়েছেন তারা।
রোজারিও মিকেল শুধু ব্রাজিলের বয়সভিত্তিক দলের কোচ হিসেবেই পরিচিত নন, তার কোচিং ক্যারিয়ারে আছে বড় সাফল্যও। ২০১৬ সালে অলিম্পিকে ব্রাজিলকে ফুটবলে স্বর্ণপদক জেতান তিনি। এছাড়া আল হিলাল ও অ্যাথলেটিকো মিনেইরার মতো ক্লাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে কোলম্যানের অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ। ওয়েলস জাতীয় দলের পাশাপাশি তিনি দায়িত্ব পালন করেছেন রিয়াল সোসিয়েদাদ, ফুলহাম, সাদারল্যান্ড ও কভেন্ট্রি সিটির মতো ক্লাবে। সর্বশেষ তিনি ছিলেন গ্রীসের ক্লাব অ্যাস্টেরাস ত্রিপোলিসের কোচ। চলতি বছরই সেই দায়িত্ব ছাড়েন।
গত এপ্রিলে হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাফুফে। ফলে জাতীয় দলের ডাগআউটে নতুন মুখ দেখার অপেক্ষায় এখন দেশের ফুটবল অঙ্গন। শেষ পর্যন্ত কোলম্যান, মিকেল নাকি অন্য কেউ হামজা চৌধুরীদের নতুন গুরু হন, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনা।



