সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: ২১:২৪, ১১ মে ২০২৬
উজবেকিস্তান জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই বৈশ্বিক টুর্নামেন্ট। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। আর এই বিশ্বমঞ্চের জন্য প্রথম দল হিসেবে নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে চমক দিয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান।
কোচ ফ্যাবিও ক্যানাভারো ৪০ সদস্যের একটি বিশাল বহর নিয়ে মিশন শুরু করতে যাচ্ছেন। ঘোষিত এই ৪০ সদস্যের দল নিয়ে রাজধানী তাসখন্দে তিন সপ্তাহের একটি নিবিড় অনুশীলন ক্যাম্প করা হবে। এই ক্যাম্প থেকেই পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচন করবেন ক্যানাভারো।
উজবেকিস্তানের প্রাথমিক দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। এই তালিকায় আছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ, মিডফিল্ডার শেরজোদ এসানভরা। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভও আছেন প্রাথমিক দলে।
গ্রুপ পর্বে উজবেকিস্তানকে লড়তে হবে শক্তিশালী কলম্বিয়া ও পর্তুগালের বিপক্ষে। বিশ্বকাপে উজবেকিস্তানের প্রথম ম্যাচ ১৭ জুন মেক্সিকোতে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। ২১ জুন পরের ম্যাচ হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন আটলান্টায় কঙ্গো ডিআরের বিপক্ষে।
একনজরে ৪০ সদস্যের প্রাথমিক দল-
গোলকিপার: ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ।
ডিফেন্ডার: ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ।
মিডফিল্ডার: কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ।
ফরোয়ার্ড: আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।



