কিশোরীর সঙ্গে আপত্তিকর চ্যাট ফাঁস, দল থেকে বাদ পড়লেন স্প্যানিশ তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৫৪, ১০ মে ২০২৬
বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালেক্স জিমেনেজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও ফাঁসের ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন ইংলিশ ক্লাব বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালেক্স জিমেনেজ। ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে আপত্তিকর যোগাযোগের অভিযোগ ওঠার পর এই রাইটব্যাককে ক্লাব স্কোয়াড থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শনিবার (৯ মে) ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে জিমেনেজকে দলে রাখা হয়নি। এ প্রসঙ্গে বোর্নমাউথ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, 'রাইট-ব্যাক অ্যালেক্স জিমেনেজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পোস্টগুলো সম্পর্কে ক্লাব অবগত। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে বর্তমানে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্ত চলাকালীন তিনি দলের বাইরে থাকবেন এবং ক্লাব এই মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।'
চলতি সপ্তাহের শুরুতে অনলাইনে কিছু স্ক্রিনশট ও ভিডিও ছড়িয়ে পড়ার পরই মূলত এই বিতর্ক শুরু হয়। যেখানে দাবি করা হচ্ছে, ২১ বছর বয়সী জিমেনেজ ওই কিশোরীর সঙ্গে অপেশাদার ও আপত্তিকর চ্যাটিংয়ে লিপ্ত ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে বোর্নমাউথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়।
শুক্রবার (৮ মে) প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনের আগেই বোর্নমাউথ দ্রুত জনসমক্ষে প্রতিক্রিয়া জানায়। দলটির ম্যানেজার আন্দোনি ইরাওলাও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংক্ষেপে পরিস্থিতিটি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, 'ক্লাবকে তাদের তদন্ত করতে হবে এবং দেখতে হবে আসলে কী ঘটেছে। এরপর আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। আমি আশা করি, আমরা যা ভাবছি তা নয়।'
স্পেনের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ডিফেন্ডার হিসেবে পরিচিত জিমেনেজ গত নভেম্বর থেকে বোর্নমাউথের হয়ে প্রতিটি ম্যাচে মাঠে ছিলেন। রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ও এসি মিলান ঘুরে আসা এই ফুটবলারকে গত ফেব্রুয়ারিতে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে স্থায়ীভাবে দলে নিয়েছিল বোর্নমাউথ। ইউরোপীয় প্রতিযোগিতায় কোয়ালিফাই করার লড়াইয়ে তিনি দলের অন্যতম ভরসা ছিলেন।
এই ঘটনার পর ক্লাবের ভেতরে এবং সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আপাতত বোর্নমাউথ কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে কেবল ক্লাব ক্যারিয়ার নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারেও এই স্প্যানিশ তারকার ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত জল কোথায় গড়ায়, সেটাই দেখার বিষয়।



