২ মিলিয়ন ডলারের টিকিট কিনলে কোক-হট ডগ খাওয়াবেন ইনফান্তিনো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:০৩, ১২ মে ২০২৬
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
কেউ যদি দুই মিলিয়ন ডলারে বিশ্বকাপের টিকিট ক্রয় করে, তাহলে তাকে নিজ হাতে হট ডগ আর কোক খাওয়াবেন জিয়ান্নি ইনফান্তিনো। টিকিটের উচ্চমূল্য নিয়ে ওঠা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন ফিফা সভাপতি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে পুনঃবিক্রয় একটি স্বাভাবিক বিষয়। তবে কানাডায় অতিরিক্ত দামে টিকিট বিক্রির সুযোগ থাকছে না।
বিশ্বকাপের ফাইনাল নিউজার্সির স্টেডিয়ামে বসে দেখতে গুনতে হতে পারে প্রায় ২৩ লাখ ডলার বা প্রায় ৩০ কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও টিকিটের পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে চারটি টিকিটের দাম এই পর্যায়ে উঠেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং সমালোচনার তীর গেছে ফিফার দিকে।
এই প্রতিক্রিয়া ফিফা প্রধান ইনফান্তিনোর কাছেও পৌঁছেছে। এ বিষয়ে তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, কেউ যদি দুই মিলিয়ন ডলারে বিশ্বকাপের টিকিট কিনে, তাহলে আমি ব্যক্তিগতভাবে তার জন্য কোক এবং হট ডগ নিয়ে যাব। তবে পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে দুই মিলিয়ন ডলারে টিকিট তালিকাভুক্ত থাকলেও এর অর্থ এই নয় যে টিকিটের প্রকৃত মূল্য সেটাই, কিংবা কেউ সত্যিই ওই দামে কিনবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে যেকোনো ইভেন্টে উচ্চমূল্যে টিকিট কেনাবেচা একটি স্বাভাবিক বিষয়। সমালোচকদের তিনি এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
ইনফান্তিনো আরও বলেন, যুক্তরাষ্ট্রে টিকিট পুনঃবিক্রয় বৈধ, তাই সেখানে যে কেউ ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারে। এটি নতুন কোনো বিষয় নয়। তবে এখনো ফিফার কাছে গ্রুপ পর্বের প্রায় ২৫ শতাংশ টিকিট রয়েছে, যেগুলোর দাম ৩০০ ডলারের কম।
অন্যদিকে কানাডায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বুধবার পর্যন্ত টরন্টোর ছয় ম্যাচের টিকিট পুনঃবিক্রয় নিষিদ্ধ ছিল ওন্টারিও সরকারের সিদ্ধান্তে। পরে কিছুটা শিথিল করা হয়েছে সেই অবস্থান। বর্তমানে অফিসিয়াল পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে টিকিট পাওয়া গেলেও সেখানে ফিফার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ পুনঃবিক্রয়ে কোনো লাভ করার সুযোগ থাকছে না।



