Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

জিদান থেকে মেসি, ব্রাজিলের সেভেন আপসহ আধুনিক বিশ্বকাপের গল্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯:৪৪, ১৪ মে ২০২৬

জিদান থেকে মেসি, ব্রাজিলের সেভেন আপসহ আধুনিক বিশ্বকাপের গল্প

একবিংশ শতাব্দীর বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবলের ৭২ বছরের দীর্ঘ ইতিহাসে একবিংশ শতাব্দি এক নতুন অধ্যায়ের সূচনা করে। এশিয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপ আসর বসা থেকে শুরু করে লাতিন আমেরিকার মেসি-নেইমার যুগ, ইউরোপের আধিপত্য এবং নানা নাটকীয়তা সব মিলিয়ে ২০০২ থেকে ২০২২ বিশ্বকাপ হয়ে উঠেছে আধুনিক ফুটবলের সবচেয়ে রঙিন ও বিতর্কিত সময়কাল।

২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হয় দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। এশিয়ার মাটিতে এটিই ছিল বিশ্বকাপের প্রথম আসর, যা নানা বিতর্ক ও চমকের জন্ম দেয়। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে একাধিক ম্যাচে রেফারিং সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে মাঠের পারফরম্যান্সে নজর কাড়ে সহ-আয়োজক দক্ষিণ কোরিয়া, যারা ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে যায়। ফাইনালে ব্রাজিল ২-০ গোলে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন রোনাল্ডো নাজারিও, যিনি আট গোল করে গোল্ডেন বুট অর্জন করেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে ফাইনালের এক নাটকীয় মুহূর্তের জন্য। ইতালির বিপক্ষে ম্যাচে ফরাসি অধিনায়ক জিনেদিন জিদান প্রতিপক্ষ ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই ফাইনালে টাইব্রেকারে জয় পেয়ে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতে ইতালি।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ছিল আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপ। এই আসরে স্পেন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে লা রোহা। এই আসরের অন্যতম আলোচিত সংযোজন ছিল ভুভুজেলা, যা স্টেডিয়ামের পরিবেশকে এক নতুন অভিজ্ঞতায় রূপ দেয়।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে জায়গা করে নেয়। স্বাগতিক ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে বিধ্বস্ত হয়, যা ‘মিনেইরাও ট্র্যাজেডি’ নামে পরিচিত। একই আসরে জার্মানির মিরোস্লাভ ক্লোজা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ শিরোপা জেতে জার্মানি, যেখানে নায়ক হয়ে ওঠেন মারিও গোটসে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহার করা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তি, যা ম্যাচ পরিচালনায় নতুন মাত্রা যোগ করে। এই আসরে প্রথমবার ফাইনালে পৌঁছে ক্রোয়েশিয়া, তবে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় তারা। এই টুর্নামেন্টেই বিশ্ব ফুটবল নতুন করে চিনে নেয় কিলিয়ান এমবাপ্পেকে।

২০২২ সালে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে এবং শীতকালে আয়োজন করা হয় কাতার বিশ্বকাপ। মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে। তবে পুরো আসরের সবচেয়ে বড় শিরোপা মুহূর্ত হয়ে থাকে লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠা। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেন তিনি। ফাইনালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে শিরোপা জিতে নেয়।

দুই দশকে বিশ্বকাপ তাই শুধু ট্রফির লড়াই নয়, বরং হয়ে উঠেছে নাটকীয়তা, প্রযুক্তির পরিবর্তন, নতুন তারকার উত্থান এবং অবিস্মরণীয় মুহূর্তের এক অনন্য ইতিহাস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন