Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

ব্রাজিলের হেক্সা জয়ের পথে বড় বাধা ‘মানসিক চাপ’: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:০০, ১৪ মে ২০২৬

ব্রাজিলের হেক্সা জয়ের পথে বড় বাধা ‘মানসিক চাপ’: আনচেলত্তি

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি । ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ বিশ্বকাপের শিরোপা জিতেছিল।  এবার কি তারা পারবে দীর্ঘ ২৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে আবারও বিশ্বসেরার মুকুট পরতে? ২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে এই প্রশ্নের উত্তরে কৌশলী এক সমাধান দিলেন সেলেসাওদের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি।  ইতালিয়ান এই কোচের মতে, ব্রাজিলের বিশ্বজয়ের পথে প্রধান অন্তরায় ফুটবলীয় দক্ষতা নয়, বরং নিজেদের তৈরি করা প্রচণ্ড ‘মানসিক চাপ’।

রিও ডি জেনেরিওতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, ব্রাজিলীয় ফুটবলের প্রাণ হলো আনন্দ এবং সৃজনশীলতা। কিন্তু বর্তমানে খেলোয়াড়রা মাঠের পারফরম্যান্স নিয়ে এতটাই উদ্বিগ্ন যে, তারা ফুটবল উপভোগ করতেই ভুলে যাচ্ছেন। তিনি বলেন, 'আনন্দ আর সৃজনশীলতা ছাড়া ব্রাজিলিয়ান ফুটবল অসম্পূর্ণ। আমি লক্ষ্য করেছি, প্রচণ্ড চাপের কারণে তারা তাদের সহজাত শক্তিটা হারিয়ে ফেলছে।'

সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোর অভিজ্ঞতা তুলে ধরে আনচেলত্তি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শেয়ার করেন। তিনি দেখেন যে, মাঠে সতীর্থের কোনো সাধারণ ভুলকেও খেলোয়াড়রা বড় কোনো বিপর্যয় বা ট্র্যাজেডি হিসেবে গ্রহণ করছেন। এই নেতিবাচক মানসিকতা দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলছে। আনচেলত্তির পরিকল্পনা হলো একটি ‘কালেক্টিভ রুটিন’ তৈরি করা, যেখানে চাপের বোঝা একা কারও ওপর না পড়ে পুরো দলের ওপর ভাগ হয়ে যায়।

আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবল ঘরানাকে বদলে দিতে চান না। বরং সেই চিরচেনা ছন্দের সঙ্গে আধুনিক ফুটবলের গতি ও তীব্রতার সমন্বয় ঘটাতে চান। তার লক্ষ্য হলো একটি সুসংগঠিত দল তৈরি করা, যারা চাপের মুখেও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় গুণ হলো তাদের আনন্দ আর শক্তি। এটি হারানো যাবে না, তবে দলটিকে আরও সুসংগঠিত হতে হবে।’

এবারের বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে আনচেলত্তির শিষ্যরা। এরপর তারা ১৮ জুন হাইতি ও ২৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ব্রাজিলের জন্য শুরুর পথটা কিছুটা সহজ মনে হলেও নকআউট পর্বের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন আনচেলত্তি।

ব্রাজিলের বহুল প্রতিক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কোচ কার্লো আনচেলত্তির এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠের কৌশলের চেয়েও খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ওপর তার এই গুরুত্বারোপ সেলেসাওদের দীর্ঘ শিরোপা খরা কাটানোর মূল চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই আনচেলত্তির এই ‘মানসিক মুক্তি’র মন্ত্র কতটুকু কার্যকর হয়, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন