Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

ইতিহাস বদলের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:৫৮, ১৫ মে ২০২৬

ইতিহাস বদলের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল আইভরি কোস্ট

আইভরি কোস্ট দল। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আফ্রিকার দেশ আইভরি কোস্ট। দলে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং ইউরোপভিত্তিক খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী এক স্কোয়াড গড়েছেন প্রধান কোচ এমারস ফায়ে। প্রতিবেদন বেইন স্পোর্টসের। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে এটি হবে আইভরি কোস্টের চতুর্থ অংশগ্রহণ। তবে এখন পর্যন্ত তারা কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে ‘দ্য এলিফ্যান্টস’।

আফ্রিকান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে অপরাজিত থেকেছে আইভরি কোস্ট। আট জয়ের পাশাপাশি গ্যাবন ও কেনিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ড্র করেছে তারা। পুরো বাছাইপর্বে দলের রক্ষণভাগ ছিল অন্যতম বড় শক্তি।

বিশ্বকাপের জন্য আইভরি কোস্টের দল
গোলরক্ষক: ইয়াহিয়া ফোফানা, মোহামেদ কোনো, আলবান লাফোঁ।
ডিফেন্ডার: ইমানুয়েল আগবাদু, ক্লেমঁ আকপা, উসমান দিয়োমান্দে, গুয়েলা দোয়ে, ঘিসলেন কোনান, ওদিলোঁ কোসুনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।
মিডফিল্ডার: সেকো ফোফানা, পারফে গুইয়াগোঁ, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জ্যঁ-মিশেল সেরি।
ফরোয়ার্ড: সিমোন আদিনগ্রা, আনজ-ইওয়ান বনি, আমাদ দিয়ালো, উমার দিয়াকিতে, ইয়ান দিয়োমান্দে, ইভান গুইসান্ড, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলিয়ে ওয়াহি।

দলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আমাদ দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই উইঙ্গার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং তাকে দলের আক্রমণভাগের অন্যতম বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। গতি, সৃজনশীলতা ও ডিফেন্স ভাঙার দক্ষতার কারণে এবারের টুর্নামেন্টে আফ্রিকার অন্যতম উদীয়মান তারকা হতে পারেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে পড়েছে আইভরি কোস্ট। সেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, জার্মানি ও কুরাসাও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা হলেও আইভরি কোস্ট বিশ্বাস করে, তাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে প্রতিদ্বন্দ্বিতা করার।

১৪ জুন ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আইভরি কোস্ট। এরপর টরন্টোতে জার্মানির মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও ফিলাডেলফিয়ায় খেলবে কুরাসাওয়ের বিপক্ষে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন