বিশ্বকাপ মাতাতে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪৩, ১০ মে ২০২৬
ডিজে সঞ্জয়
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮ দেশের একটি না হলেও এবারের গ্রেটেস্ট শো অন আর্থে থাকছে বাংলাদেশের ছাপও। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয় অংশ হচ্ছেন বিশ্বকাপের।
উদ্বোধনী অনুষ্ঠানের মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি এই তারকা। মাতাবেন লস অ্যাঞ্জেলসের সো-ফাই স্টেডিয়াম। ফিফার পাশাপাশি বিষয়টি সঞ্জয় নিজেও নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়াও ফিউচার নামে পরিচিত মার্কিন র্যাপার নেইভাদিয়াস উইলবার্ন থাকছেন জমকালো আয়োজনে।
আমেরিকার পাশাপাশি বাকি দুই আয়োজক মেক্সিকো ও কানাডাতেও হবে উদ্বোধনী অনুষ্ঠান। শুরুটা ১১ জুন মেক্সিকোতে। আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের অনুষ্ঠান। মূল আকর্ষণ, গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এর বাইরেও মঞ্চ মাতাবেন দেশটির জনপ্রিয় দুই গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্দা।
একদিন পর কানাডায় হবে ২য় অনুষ্ঠান। টরন্টোয় ১৩ মিনিটের শো-তে থাকবেন আলানিস মরিসেত্তে, মাইকেল বাল্ব ও অ্যালেসিয়া কারা।
এখানেই শেষ নয়, বিশ্বকাপ চলাকালীন দেশের ২৫০তম জন্মদিন পালন করবে মার্কিনিরা। সে উপলক্ষে ৪ জুলাই, হিউস্টন ও ফিলাডেলফিয়ায় দুই নক আউট ম্যাচের আগে হবে আরও দুটি বিশেষ অনুষ্ঠান।



