Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

বিশ্বে ফুটবলার রপ্তানিতে রাজত্ব ব্রাজিলের, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:২৮, ১৬ মে ২০২৬

বিশ্বে ফুটবলার রপ্তানিতে রাজত্ব ব্রাজিলের, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স

বিশ্বের বিভিন্ন দেশের লিগে ব্রাজিলের ১,৪৫৫ জন ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সময়টা মাঠের পারফরম্যান্সে খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপে সেলেসাওরা হেক্সা মিশন বা ষষ্ঠ শিরোপা পুনরুদ্ধার করতে পারবে কি না, তা নিয়ে খোদ সমর্থকদের মনেই ঢের সংশয় রয়েছে। তবে মাঠের পারফরম্যান্স যা-ই হোক, বিশ্ব ফুটবলের বাজারে ফুটবলার সরবরাহ বা রপ্তানিতে ব্রাজিলের একক আধিপত্য এখনো অক্ষুণ্ন।

সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ (CIES Football Observatory) বিশ্বজুড়ে ১৩৫টি পেশাদার লিগের তথ্য বিশ্লেষণ করে খেলোয়াড় রপ্তানির ওপর একটি বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, ফুটবলার রপ্তানিতে বরাবরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার লিগে খেলে বেড়াচ্ছেন মোট ১,৪৫৫ জন ব্রাজিলিয়ান ফুটবলার। গত বছরও ১,৪১৮ জন খেলোয়াড় নিয়ে তালিকায় সবার ওপরে ছিল সাম্বার দেশ। ভাষাগত ও সাংস্কৃতিক মিল থাকার কারণে ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রথম এবং প্রধান গন্তব্য ইউরোপের দেশ পর্তুগালের লিগগুলো।

ব্রাজিল শীর্ষস্থান ধরে রাখলেও তাদের খুব দ্রুত তাড়া করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বর্তমানে ১,২৭৫ জন ফরাসি ফুটবলার বিদেশের মাটিতে পেশাদার ফুটবল খেলছেন। গত পাঁচ বছরে ফরাসি ফুটবলারদের বাইরে যাওয়ার হার অবিশ্বাস্যভাবে ৩৫ শতাংশ বেড়েছে। শুধু তা-ই নয়, শীর্ষ দেশগুলোর মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি (৮৬ জন) ফুটবলার বিদেশে পাঠিয়েছে ফরাসিরারাই।

বিদেশের লিগে খেলোয়াড় পাঠানোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশের মোট ১,০১৬ জন ফুটবলার বিশ্বের বিভিন্ন দেশের লিগে মাঠ মাতাচ্ছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই বিশ্ববাজারে আর্জেন্টাইন ফুটবলারদের চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব দেখা যাচ্ছে এই তালিকাতেও। এই তিন পরাশক্তি দেশ মিলে এককভাবেই বিশ্ব ফুটবলের বাজার গড়ে তুলেছে।

প্রতিবেদনে দেখা গেছে, শীর্ষ তিন দেশের পর ফুটবলার সরবরাহের বাজারে দ্রুত উন্নতি করছে পর্তুগাল, স্পেন ও নাইজেরিয়া। গত কয়েক বছরে পর্তুগালের খেলোয়াড় রপ্তানি ৬৬ শতাংশ এবং স্পেন ও নাইজেরিয়া উভয় দেশেরই খেলোয়াড় রপ্তানির হার বেড়েছে ৬০ শতাংশ করে। নাইজেরিয়া বর্তমানে আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় রপ্তানি করা দেশ।

অন্যদিকে, ফুটবলার পাঠানোর বাজারে সবচেয়ে বড় পতন হয়েছে সার্বিয়ার। ২০২১ সালের তুলনায় বিশ্ববাজারে সার্বিয়ান ফুটবলারদের চাহিদা প্রায় ১২ শতাংশ হ্রাস পেয়েছে। গবেষণাটি স্পষ্ট করে দিয়েছে যে, বিশ্ব ফুটবলের বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত ও বৈশ্বিক। ২০২১ সাল থেকে ফুটবলার রপ্তানি করা শীর্ষ ৫০টি দেশের মধ্যে ৪১টি দেশেরই খেলোয়াড়দের বিদেশে পাড়ি জমানোর হার বৃদ্ধি পেয়েছে। আর মাত্র ৯টি দেশের খেলোয়াড় বিদেশে যাওয়ার হার কমেছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন