Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

সালাহ-হামজাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মিশরের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:০২, ২১ মে ২০২৬

সালাহ-হামজাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মিশরের

ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিশর। অবধারিতভাবেই দলে নেতৃত্ব দেবেন সুপারস্টার মোহামেদ সালাহ। হোসাম হাসানের এই দলে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের প্রথমবার ডাক পাওয়া। তবে ফর্মহীনতার কারণে ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ফারাওরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া মেগা এই ইভেন্টে মিশরের আক্রমণভাগে যথারীতি সালাহর সঙ্গী হবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত ফর্মে থাকা ওমর মারমুশ। তবে ঘোষিত ২৭ সদস্যের এই দল থেকে একজন খেলোয়াড়কে বাদ পড়তে হবে। আগামী ২৮ মে রাজধানী কায়রোতে রাশিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ প্রীতি ম্যাচের পর ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হোসাম হাসান।

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে হতাশাজনক পারফরম্যান্সের কারণেই মূলত বাদ পড়েছেন মোস্তফা মোহামেদ। নঁতের হয়ে ২৪ ম্যাচে তিনি গোল করেছেন মাত্র ৪টি, যার ফলে তার ক্লাবটিও লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে। অন্যদিকে, বার্সেলোনার যুব দলে দুর্দান্ত ফর্মে থাকা কিশোর হামজা আবদেলকরিমকে মিসরের ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ তারকা বিবেচনা করেই স্কোয়াডে রাখা হয়েছে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপপর্বে ২১ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং ২৬ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে সালাহ’র দল। 

মিশরের বিশ্বকাপ স্কোয়াড (চূড়ান্ত ঘোষণায় বাদ পড়বেন একজন)-

গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা
ডিফেন্ডার : মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ
মিডফিল্ডার : মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান
ফরোয়ার্ড : ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন